যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির চিকিৎসা পরীক্ষকের দপ্তর আট শতাধিক ধর্ষণের ঘটনা পুনরায় যাচাই করার কাজ শুরু করতে যাচ্ছে। দপ্তরের জন্য এটি এক বিরল ঘটনা।পরীক্ষাগারে পাঠানো ডিএনএ নমুনা পরীক্ষার সময় যন্ত্রকারিগরদের (টেকনিশিয়ান) অদক্ষতা বা অবহেলাজনিত কারণে সৃষ্ট গরমিলের জন্যই এই পুনর্যাচাইয়ের কাজ করতে হচ্ছে। পরীক্ষার ফলাফলে গরমিল দেখা দেওয়ায় ইতিমধ্যে অপরাধ তদন্তকারীদের হাতে ভুল প্রতিবেদন জমা পড়েছে।চিকিৎসা পরীক্ষকের দপ্তর বলছে, ধর্ষণের ওই সব ঘটনার তত্ত্বাবধানে নিয়োজিত কর্মকর্তারা অন্তত ২৬টি ক্ষেত্রে বায়োলজিক্যাল সাক্ষ্য-প্রমাণ তৈরিতে যন্ত্রকারিগরদের ব্যর্থতার বিষয়টি নিশ্চিত হয়েছেন। অথচ এর মধ্যে কয়েকটি ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনা সত্যিই ঘটেছে।দপ্তর আরও বলছে, সাতটি ঘটনার ক্ষেত্রে তৈরি করা পূর্ণ ডিএনএ প্রোফাইলে তত্ত্বাবধায়কেরা এমন সব তথ্য-প্রমাণ পেয়েছেন, যা তাঁরা অনেক বছরেও দেখেননি। ফলে সন্দেহভাজন ধর্ষকদের বিরুদ্ধে মামলা করতে তাঁরা বাধার সম্মুখীন হচ্ছেন।দপ্তরের ফরেনসিক বায়োলজি বিভাগের পরিচালক মেচথিল্ড প্রিঞ্জ বলেন, একটি ঘটনায় পাওয়া নতুন ডিএনএ প্রোফাইল সাজাপ্রাপ্ত এক অপরাধীর ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলে গেছে। দপ্তরের মুখপাত্র এলেন বোরাকোভ বলেন, ‘এই প্রথম আমরা এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি।’যুক্তরাষ্ট্রের ফরেনসিক প্রযুক্তিতে শীর্ষে থাকা এই দপ্তর ৯-১১-এর সন্ত্রাসী হামলার পর কাজ শুরু করে এবং নিউইয়র্কে হত্যাকাণ্ডের শিকার কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে বেশ সুনাম কুড়ায়। দপ্তর বছরে দেড় হাজারের মতো যৌন হয়রানি মামলার তথ্য-প্রমাণ নিয়ে কাজ করে থাকে। নয় বছর ধরে কর্মরত ওই যন্ত্রকারিগরদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এই দপ্তর। নিউইয়র্ক টাইমস।