যুক্তরাষ্ট্রে ৯০ ঊর্ধ্ব মানুষের সংখ্যা বাড়ছে
যুক্তরাষ্ট্রে ৯০ বছর বা তার চেয়ে বেশি বয়সী লোকের সংখ্যা দ্রুত বাড়ছে। গত তিন দশকে এ সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। দেশটির আদমশুমারি ব্যুরোর এক গবেষণা প্রতিবেদনে এ কথা হয়েছে। গত বৃহস্পতিবার আদমশুমারি ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এখন ৯০ বছর বা তার চেয়ে বেশি বয়সের লোকের সংখ্যা ১৯ লাখ। ১৯৮০ সালে এ সংখ্যা ছিল সাত লাখ ২০ হাজার।‘৯০ প্লাস ইন দ্য ইউনাইটেড স্টেটস: ২০০৬-০৭’ শীর্ষক প্রতিবেদনটিতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ৯০ ঊর্ধ্ব বয়সী মানুষের সংখ্যা ৯০ লাখে পৌঁছাতে পারে।ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের আচরণ ও সামাজিক গবেষণা শাখার পরিচালক রিচার্ড সুজম্যান বলেন, ‘আমি মনে করি, প্রতিবেদনে যে পূর্বানুমান করা হয়েছে, তার চেয়ে আরও দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়বে।’সুজম্যান জানান, শিক্ষা, মৃত্যুহার কমছে। ফলে পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়ন, ধূমপান হ্রাস, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হ্রাসের ফলে মৃত্যুহার কমছে। ফলে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে।প্রতিবেদনে বলা হয়, ৯০ ঊর্ধ্ব মানুষের সংখ্যা বেড়ে যাওয়া মানে হলো অবসরভাতা ও স্বাস্থ্য ব্যয়ের ওপর চাপ বৃদ্ধি পাওয়া। এ ছাড়া সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মের সম্পর্কটাও শিথিল হয়ে পড়ে।২০০৬ থেকে ২০০৮ সালের ‘আমেরিকান কমিউনিটি সার্ভে’র তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে সবচেয়ে বয়স্ক লোকদের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক অবস্থানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ৮৫ থেকে ৮৯ বছর বয়সীদের প্রায় ৬৯ শতাংশ প্রতিবন্ধী। আর ৯০ থেকে ৯৪ বয়সীদের মধ্যে প্রতিবন্ধী প্রায় ৮৩ শতাংশ। সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের বেশির ভাগই শ্রবণ, দৃষ্টি বা শারীরিক সীমাবদ্ধতার সম্মুখীন।প্রতিবেদনমতে, ৯০ ঊর্ধ্ব ব্যক্তিদের প্রায় প্রতি চারজনের একজন নারী। আর নারীদের প্রায় ৮০ শতাংশই বিধবা। অন্যদিকে ৯০ ঊর্ধ্ব ৪০ শতাংশের বেশি পুরুষ বিবাহিত।আদমশুমারি ব্যুরোর জনসংখ্যাতাত্ত্বিক ওয়ান হি বলেন, ‘নীতিনির্ধারক ও গবেষকদের জন্য এসব তথ্য-উপাত্ত খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি বয়স্ক লোকদের সংজ্ঞা ৮৫ বছরের পরিবর্তে ৯০ ঊর্ধ্ব বিবেচনার সময় এসেছে।’বর্তমানে যুক্তরাষ্ট্রে ৮৫ বছর বয়সীদের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। রয়টার্স।