যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূল হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিশ্বে যে গতিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় এ হার চার গুণ বেশি। এটি নিউইয়র্ক, নরফোক ও বোস্টনের মতো শহরগুলোকে হুমকির মুখে ফেলছে। গবেষণামূলক এক প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।বিজ্ঞান সাময়িকী ন্যাচার ক্লাইমেট চেঞ্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ উপকূলীয় ওই অঞ্চলে বন্যার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে সেখানকার উদ্ভিদ ও প্রাণীকুলের আবাসভূমি।গবেষণা পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান ইউএসজিএস বলেছে, ১৯৯০ সালের কাছাকাছি সময় থেকে ওই উপকূলের এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) ‘হট স্পট’ এলাকাজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতিবছর ২ থেকে ৩ দশমিক ৭ মিলিমিটার (০.০৮ থেকে ০.১৫ ইঞ্চি) করে বেড়েছে। একই সময় বিশ্বব্যাপী এ হার ছিল শূন্য দশমিক ৬ থেকে ১ মিলিমিটার। বিজ্ঞানীদের ধারণা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের ওই অংশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২১০০ সালের মধ্যে ৩০ সেন্টিমিটারের ওপর পর্যন্ত বেড়ে যেতে পারে। আর বিশ্বব্যাপী তা বাড়তে পারে এক মিটারের বেশি।স্থানীয়ভাবে (যুক্তরাষ্ট্রের উপকূলে) এ উচ্চতা বৃদ্ধির কারণ হিসেবে আটলান্টিক মহাসাগরের স্রোতের প্রবাহ ব্যাহত হওয়াকে দায়ী করা হচ্ছে। ইউএসজিএসের গবেষণা মহাসমুদ্রবিদ ও ওই প্রতিবেদনের সহ-রচয়িতা কারা দোরান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘গ্রিনল্যান্ডের বরফের আস্তর গলে স্বাদু পানি আটলান্টিকে প্রবেশ করে স্রোতপ্রবাহকে বাধাগ্রস্ত করছে। আর তা স্রোত মন্থর হওয়ার কারণও তৈরি করছে। স্রোতের গতি দুর্বল হওয়ায় বাড়ছে উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে সমুদ্রসৈকতে ক্ষয় সৃষ্টি ছাড়াও ঘন ঘন বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।’অপর একটি গবেষণা প্রতিবেদনের ফলাফলে দেখা যায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে নিউইয়র্কে বড় ধরনের বন্যার আশঙ্কা ১০০ বছরের পরিবর্তে প্রতি তিন বছরে একবার তৈরি হবে। দোরান বলেন, ইউএসজিএসের প্রতিবেদনটি জোয়ার-ভাটার প্রকৃত স্তর পরিমাপের ভিত্তিতে তৈরি করা হয়েছে। জলবায়ুর মডেল ব্যবহার করে তৈরি অন্যান্য গবেষণা প্রতিবেদনেও অনুরূপ তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বলেন, উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে বিশ্বের দ্বীপরাষ্ট্র ও নিম্ন ব-দ্বীপ অঞ্চলগুলো যে বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে, সে আশঙ্কাও এই প্রতিবেদনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। ২০০৭ সালে এক প্রতিবেদনে জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ জানায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৫৯ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।ওই সময়ের পর থেকে এ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার পেছনে আর্কটিকের (উত্তর মেরু অঞ্চল) বরফ গলতে থাকার বিষয়টি আগের ধারণার চেয়ে বেশি ভূমিকা রাখছে। এএফপি।