যুক্তরাষ্ট্রের আড়িপাতার খবরে ইউরোপের বিভিন্ন পত্রিকার মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাসে মার্কিন গোয়েন্দাদের গুপ্তচরবৃত্তির খবর প্রকাশিত হওয়ার পর ইউরোপের তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন সরকার। আজ সোমবার ব্রিটেন ও জার্মানির বিভিন্ন সংবাদপত্রে গুপ্তচরবৃত্তির খবর প্রচারিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সরকার ক্ষোভ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের কাছে জবাব চাওয়ার পাশাপাশি ইইউ হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনাও রহিত করার। এ ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশের সংবাদপত্রও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে সম্পাদকীয় লিখে। বিবিসি এমন কয়েকটি সম্পাদকীয়ের চুম্বক অংশ প্রকাশ করেছে।

ডি ভেল্ট, জার্মানি
বন্ধুদের কথায় আড়িপাতা বা তারা যেসব বিষয় গোপন রাখতে চায় সেগুলো পড়া ভালো কথা নয়। তবে এসব পারিবারিক জীবনের মতো রাজনীতিতেও ঘটে। পারিবারিক জীবনে এসবের শেষ পরিণতি হয় বিবাহবিচ্ছেদে। রাজনীতিতে দীর্ঘ বিচ্ছেদকে খুব অল্প সময়ের জন্য মেনে নেওয়া হয়।
জির্তডয়েচে সাইটুঙ, জার্মানি
‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে, কখন ও কার অনুরোধে ইউরোপের ওপর গুপ্তচরবৃত্তি করেছে? যদি এখনই এসব প্রশ্নের জবাব না মেলে, তাহলে যতক্ষণ এসব ধোঁয়াশা না কাটছে ততক্ষণ মার্কিনদের সঙ্গে মুক্তবাণিজ্য নিয়ে সব ধরনের আলাপ-আলোচনা বন্ধ রাখা হোক।’

এল জোর্নালে, ইতালি

‘শীতল যুদ্ধের যুগ ফিরে এসেছে...আণবিক বোমা নয়, ওয়েব (ইন্টারনেট) নিয়ে।’

কোরিয়েরে দেল্লা সেয়েরা, ইতালি

‘সন্ত্রাস দমনে ও আগ্রাসী শত্রুদের দূরে রাখতে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে—এ মর্মে ওয়াশিংটন যা বলছে, তা মূলত আংশিক সত্যি।’