যুক্তরাষ্ট্রের আড়িপাতার খবরে উদ্বিগ্ন ইইউ
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওয়াশিংটন কার্যালয় ও নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আড়ি পেতে অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করেছিল। জার্মানির একটি সংবাদ সাময়িকীর খবরে এ দাবি করা হয়েছে। এ খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘দেয়ার-স্পিগেল’ নামের ওই সংবাদ সাময়িকীটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির এ-সংক্রান্ত গোপন নথি তারা দেখেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক তথ্যবিশ্লেষক এডওয়ার্ড স্নোডেন তাদের এই নথি দেখিয়েছেন।
সাময়িকীটির খবরে দাবি করা হয়েছে, ওই গোপন নথিতে ইইউর অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে মার্কিন গোয়েন্দা কার্যক্রমের বিবরণ রয়েছে। এ ছাড়া ইইউকে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার একটি লক্ষ্য হিসেবে বর্ণনা করা হয়েছে।
এ খবরে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শাল্টজ বলছেন, এ খবর সত্যি হলে তা যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুতর প্রভাব ফেলবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে শিগগিরই ব্যাখ্যা দাবি করেছে ইইউ।
গুপ্তচরবৃত্তির এ খবরের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা স্নোডেন গত রোববার হংকং থেকে রাশিয়ার মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে পৌঁছান। গতকাল শনিবার সপ্তম দিনের মতো সেখানেই অবস্থান করেন তিনি। প্রশাসনের নজরদারির খবর ফাঁস করায় মার্কিন সরকার তার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকারি তথ্য চুরির অভিযোগে মামলা করেছে। ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন স্নোডেন। ইকুয়েডর জানিয়েছে, স্নোডেনের আবেদন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।