যুক্তরাষ্ট্রের আফগান নীতিতে কোনো পরিবর্তন আসবে না: ওবামা
আফগানিস্তানে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে বরখাস্ত করা হলেও যুক্তরাষ্ট্র ও ন্যাটোর আফগান নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।বুধবার এক বিবৃতিতে বারাক ওবামা বলেন, ‘আমরা ব্যক্তির পরিবর্তন করলেও নীতির কোনো পরিবর্তন করিনি।’স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে বরখাস্তের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট ওবামা জেনারেল ডেভিড পেট্রাউসকে আফগানিস্তানে নতুন সেনা অধিনায়ক নিয়োগ করেছেন। আফগান সরকারের কর্মকর্তারা তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বললেও তালেবান লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।প্রেসিডেন্ট ওবামা ও তাঁর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমালোচনা করায় ওবামা ম্যাকক্রিস্টালকে বুধবার পদত্যাগে বাধ্য করেন। তাঁর স্থলাভিষিক্ত করেন ইরাক অভিযানের অন্যতম রূপকার জেনারেল ডেভিড পেট্রাউসকে। এরপর ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে বসেন ওবামা। বৈঠকের পর এক বিবৃতিতে তিনি বলেন, আফগান নীতিতে কোনো পরিবর্তন আনা হবে না। আফগানিস্তানকে কোনোভাবেই তালেবানের নিরাপদ ঘাঁটিতে পরিণত হতে দেওয়া হবে না।ওবামা বলেন, ‘আমাদের জাতি এখন যুদ্ধে লিপ্ত। আফগানিস্তানে আমরা কঠিন যুদ্ধের মুখোমুখি। কিন্তু মার্কিনরা কঠিন বাস্তবতা বা দায়িত্ব থেকে পশ্চাৎপদ হয় না। তারা অটলভাবে লেগে থাকে।’ওবামা আরও বলেন, আল-কায়েদা নেতাদের নিরন্তর চাপের মুখে রাখা হবে।প্রেসিডেন্ট ওবামার সুরেই কথা বলেছেন ন্যাটোর মহাসচিব এন্ডারস ফগ রাসমুসেন। তিনি জানিয়েছেন, তালেবানের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। আফগানিস্তানে নিযুক্ত ন্যাটোর বেসামরিক প্রতিনিধি মার্ক স্যাডউইল বলেছেন, ডেভিড পেট্রাউস নতুন সেনা অধিনায়ক হওয়ার খবরে তালেবান খুশি হলে তারা বড় ভুল করবে। কেননা তারা আগের নীতিই বজায় রাখবে।তালেবানের মুখপাত্র ইউসুফ আহমাদি অবশ্য বলেছেন, ম্যাকক্রিস্টাল বা পেট্রাউসকে নিয়ে তাঁদের কোনো মাথা ব্যথা নেই। তাঁদের অবস্থান পরিষ্কার। আগ্রাসী বিদেশি সেনারা তাঁদের দেশ না ছাড়া পর্যন্ত লড়াই চলবে।আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র ওয়াহিদ ওমর বলেছেন, তাঁরা নতুন কমান্ডার পেট্রাউসকে জেনারেল স্ট্যানলির মতোই সম্মান করছেন। তবে বিবিসির সাংবাদিক কুয়েনটিন সামারভিল কাবুল থেকে জানিয়েছেন, স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে বহিষ্কার করায় প্রেসিডেন্ট কারজাই এবং ঊর্ধ্বতন আফগান কর্মকর্তারা বেশ নাখোশ হয়েছেন। বিবিসি, এএফপি।