
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) নির্মম জিজ্ঞাসাবাদ কার্যক্রমে যুক্তরাজ্যের জড়িত থাকার কোনো প্রমাণ থাকলে সেগুলো হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে লন্ডন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটির প্রধান স্যার ম্যালকম রিফকিন্ড রোববার এ কথা জানিয়েছেন। মার্কিন সিনেটের এক সাম্প্রতিক প্রতিবেদনে সিআইএর ‘নৃশংসতার’ বিষয়টি উঠে এলে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। খবর বিবিসির।
সিআইএ বিতর্কিত নির্যাতনমূলক পদ্ধতিতে সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদের সময় ব্রিটিশ গোয়েন্দাদের কেউ কেউ উপস্থিত ছিলেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের ওপর সিআইএ ওই জিজ্ঞাসাবাদ চালায়। এতে ব্রিটিশ গোয়েন্দাদের জড়িত থাকার অভিযোগ তদন্তে নেতৃত্ব দিচ্ছেন ম্যালকম রিফকিন্ড।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট বলেছে, যুক্তরাজ্যের অনুরোধে মার্কিন সিনেটের ওই প্রতিবেদন থেকে কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই যুক্তরাজ্য ওই অনুরোধ করে। তবে বন্দীদের ওপর খারাপ আচরণে ব্রিটিশ গোয়েন্দাদের জড়িত থাকার কোনো তথ্য প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়নি।
সানডে টেলিগ্রাফ পত্রিকায় ম্যালকম রিফকিন্ড লিখেছেন, ব্রিটিশ সরকার বা গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো মার্কিন সিনেটের ওই প্রতিবেদনের কোনো অংশ বিব্রতকর হতে পারে মনে করে তা সম্পাদনা বা বাদ দেওয়ানোর চেষ্টা করেছিল কি না—খতিয়ে দেখছে তাঁর কমিটি। সে রকম কিছু হয়ে থাকলে এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করতে পারে মার্কিন সরকার।
রিফকিন্ড বলেন, তাঁরা তথ্য সংগ্রহের স্বাভাবিক চেষ্টায় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন। বিভিন্ন উপায়ে তা করা যায়।
সিনেটের প্রতিবেদনটির একটি সংস্করণের কাজ ২০১২ সালেই শেষ হয়েছিল। তবে এটির কোন অংশ প্রকাশ করা হবে আর কী গোপন রাখা হবে, তা নিয়ে মতভেদ তৈরি হয়। সানডে টেলিগ্রাফ পত্রিকা জানায়, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ওই ঘটনার ব্যাপারে কী কী জানেন, তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন। জবাবে জ্যাক স্ট্র বলেছেন, তিনি সিআইএর অবৈধ নির্যাতনপদ্ধতির ব্যাপারটি জানতেন না।