যুক্তরাষ্ট্রের কারাগারে মিসরের ধর্মীয় নেতার মৃত্যু
মিসরের কট্টরপন্থী ধর্মীয় নেতা ওমর আবদেল রহমান যাবজ্জীবন সাজাভোগরত অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি কারাগারে মারা গেছেন। গতকাল শনিবার আবদেল রহমানের ছেলে মোহাম্মদ ওমর তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ ওমর বলেন, মরদেহ দেশে আনতে তাঁরা যুক্তরাষ্ট্র ও মিসর সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন।
মিসরের এই ধর্মীয় নেতা ১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলায় জড়িত থাকার দায়ে মার্কিন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। আবদেল রহমান যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার আগে মিসরে আল-গামা আল-ইসলামিয়া নামের একটি দলের নেতা ছিলেন। বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে বোমা হামলার অভিযোগে তাঁকে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ওই বোমা হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছিলেন। হামলার ঘটনায় আবদেল রহমানের উসকানি ছিল বলে মামলায় অভিযোগ করা হয়।