যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে গতকাল সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। উত্তর কোরিয়ার হামলার হুমকির পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন গত শুক্রবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বৃদ্ধির পরিকল্পনার কথা ঘোষণা করে।যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বৃদ্ধির পরিকল্পনার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, সামরিক সক্ষমতা বাড়ানোর সব পদক্ষেপ কেবল ক্ষোভই বাড়াবে এবং তা সংকট সমাধানে সহায়তা করবে না।চীনা মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ দেখাবে এবং সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করবে।’ তিনি আরও বলেন, ‘চীন সব সময়ই ক্ষেপণাস্ত্র বিস্তারের বিরোধী।’উত্তর কোরিয়া শত্রু দেশের বিরুদ্ধে একতরফা পারমাণবিক হামলা চালানোর হুমকি দেওয়ার পর শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল আলাস্কার ক্ষেপণাস্ত্রবিধ্বংসী-ব্যবস্থা বাড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জাপানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের মার্কিন পরিকল্পনাও নিশ্চিত করেন। তাঁর ঘোষণার কয়েক দিন পরই চীনা মুখপাত্র ওই হুঁশিয়ারি দিলেন।চীন কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও প্রধান বাণিজ্য অংশীদার। তা সত্ত্বেও দেশটি বারবার পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানোর পাশাপাশি বেইজিং দেশটির বিরুদ্ধে জাতিসংঘের অবরোধ আরোপের পদক্ষেপেও সমর্থন দিয়েছে।বিশ্লেষকেরা বলছেন, চীন উত্তর কোরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়। কেননা, পিয়ংইয়ংয়ের বর্তমান শাসকদের পতন হলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিতে একটি ঐক্যবদ্ধ কোরীয় উপদ্বীপের আবির্ভাব এবং চীনে অভিবাসীদের ঢল নামার আশঙ্কা করছে বেইজিং। এএফপি।