যুক্তরাষ্ট্রের টিভি ভাষ্যকার কিথ ওলবারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টিভি ভাষ্যকার কিথ ওলবারম্যানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুজন প্রার্থীকে চাঁদা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমএসএনবিসি টেলিভিশনের প্রেসিডেন্ট ফিল গ্রাফিন গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমএসএনবিসি টেলিভিশনের নীতিমালা লঙ্ঘনের দায়ে অনির্দিষ্টকালের জন্য কিথ ওলবারম্যানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রে এ সময়ের সবচেয়ে সরব উদারনৈতিক টিভি ভাষ্যকার হিসেবে কিথ ওলবারম্যানের খ্যাতি আছে। উদারনৈতিক টিভি চ্যানেল হিসেবে পরিচিত এমএসএনবিসির প্রাইম টাইম সংবাদভাষ্যে তিনি ছিলেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের যুদ্ধনীতি, রক্ষণশীল নানা কর্মসূচির তীব্র ও খোলামেলা সমালোচনা করতেন ওলবারম্যান। তিনি তাঁর সন্ধ্যাকালীন সংবাদভাষ্যে রক্ষণশীলদের প্রতিদিনই তীব্র আক্রমণ করতেন। এই সুবাদে প্রেসিডেন্ট জর্জ বুশের সময় থেকে উদারনৈতিক মহলের মুখপাত্র হয়ে ওঠেন তিনি।প্রেসিডেন্ট বারাক ওবামার উদারনৈতিক কর্মসূচির কট্টর সমর্থক হিসেবেও পরিচিতি রয়েছে কিথ ওলবারম্যানের।এদিকে রক্ষণশীলদের মুখপত্র হিসেবে পরিচিত পলিটিকো গত শুক্রবার কিথ ওলবারম্যানের রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নিয়ে খবর প্রকাশ করেছে।পলিটিকোর এক খবরে বলা হয়, গত মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে কিথ ওলবারম্যান চাঁদা দিয়েছেন। কিথ ওলবারম্যান স্বীকার করেছেন, নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির দুজন প্রার্থীকে দুই হাজার ৪০০ ডলার করে চাঁদা দেন তিনি।এমএসএনবিসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ফক্স নিউজকে মার্কিন রক্ষণশীলদের মুখপত্র বলা হয়। কিথ ওলবারম্যান সব সময় ফক্স নিউজকে তীব্র আক্রমণ করতেন। তাঁর সংবাদভাষ্যের কারণেই এমএসএনবিসি মার্কিন উদারনৈতিকদের মুখপত্র হয়ে ওঠেন বলে অনেকে বিশ্বাস করেন।সাহসী এ সংবাদ ভাষ্যকারকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বেরনার্ড সেন্ডারস ‘বিস্ময়কর’ উল্লেখ করে বিবৃতি দিয়েছেন। বিভিন্ন মহল থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।