যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহতের সংখ্যা ৪৭০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, যুক্তরাষ্ট্রের গোপন মনুষ্যবিহীন বিমান (ড্রোন) হামলায় এ পর্যন্ত প্রায় চার হাজার ৭০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে। সিনেটর গ্রাহামের বরাত দিয়ে গত বুধবার সাউথ ক্যারোলাইনার ইসলি শহরের একটি স্থানীয় ওয়েবসাইটে ওই মন্তব্য প্রকাশ করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ড্রোন হামলায় মানুষ হত্যাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে এর নিন্দা জানিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের কোনো আইনপ্রণেতা বা সরকারি প্রতিনিধির ড্রোন হামলায় প্রাণহানির মোট সংখ্যা নিয়ে কথা বলার ঘটনা এটাই প্রথম। পাকিস্তান ও ইয়েমেনসহ কয়েকটি দেশে আল-কায়েদার সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে শত শত ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন কর্মকর্তারা এসব হামলায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা প্রকাশ্যে জানাননি। তাই প্রাণহানির প্রকৃত সংখ্যার বিষয়ে রহস্য রয়েই গেছে। তবে রিপাবলিকান সিনেটর গ্রাহাম ড্রোন হামলায় নিহতের যে সংখ্যা উল্লেখ করেছেন, তা কয়েকটি নিরপেক্ষ সূত্রে প্রকাশ করা সংখ্যার চেয়ে বেশি। এএফপি।