যুক্তরাষ্ট্রের দিকে হাজারো শিশুর ঢল

উন্নত জীবনের সন্ধানে মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বিপুলসংখ্যক শিশু প্রতিদিন অবৈধভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করছে। সীমান্তে দলে দলে আরও শিশু আসছে। এই ঢল ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মার্কিন সরকার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শিশুদের অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর রিক পেরি।
মার্কিন সরকারের পরিসংখ্যান বলছে, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাস থেকে অধিকাংশ শিশু আসছে।
গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছোট্ট শিশু থেকে ১৭ বছর বয়সী ৫৭ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আটক হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ এই সংখ্যা ৯০ হাজারে উন্নীত হতে পারে।
২০১৩ সালে ৩৯ হাজার, ২০১২ সালে ২৫ হাজার এবং ২০১১ সালে ১৬ হাজার অবৈধ অভিবাসী শিশু মার্কিন সীমান্তে আটক হয়।
২০১৫ সালে এই সংখ্যা এক লাখ ৪৫ হাজারে পৌঁছে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে মার্কিন সরকার বেশ উদ্বিগ্ন। এই শিশুদের ঠেকানো বা আটক হওয়াদের খরচ সামলানোর আর্থিক ও আইনগত সামর্থ্যের অভাব রয়েছে মার্কিন সরকারের।
অবৈধ অভিবাসী শিশুদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা। কিন্তু এ কাজে তিনি কতটা সফল হবেন, তা অস্পষ্ট।
পরিস্থিতি মোকাবিলার পথ বের করতে গত শুক্রবার এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ওবামা।
অবৈধ অভিবাসী শিশুদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে গত সপ্তাহে একটি পরিকল্পনা পেশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা।
হোয়াইট হাউস বলছে, একটি ফ্লাইটে ৪০ জন নারী ও শিশুকে হন্ডুরাসে পাঠানো এমন ইঙ্গিতই দেয় যে, যুক্তরাষ্ট্রে নতুন অবৈধ অভিবাসীরা অবাঞ্ছিত।
এদিকে মেক্সিকোর সঙ্গে টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তে এক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন গভর্নর রিক পেরি। গতকাল সোমবার এ ঘোষণা দেন তিনি।