যুক্তরাষ্ট্রের এ বছরের ধনী ৪০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকী। এতে সেরা মার্কিন ধনকুবের নির্বাচিত হয়েছেন বিশ্বের প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস। দ্বিতীয় স্থানে আছেন বার্কশায়ার হাথাওয়ের ওয়ারেন বাফেট। ফোর্বস সাময়িকী প্রতিবছর এই তালিকা প্রকাশ করে। সাময়িকীর তথ্য অনুযায়ী, বিল গেটসের সম্পদের পরিমাণ ছয় হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। গত বছরের চেয়ে তা ৭০০ কোটি ডলার বেশি। দ্বিতীয় স্থানে থাকা ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ চার হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। গতবারের চেয়ে তাঁর সম্পদ বেড়েছে ৭০০ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা ওরাকল করপোরেশনের মালিক ল্যারি ইলিসনের সম্পদের পরিমাণ চার হাজার ১০০ কোটি ডলার। তবে গত বছরের তুলনায় তাঁরই সম্পদের পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি। এর পরিমাণ ৮০০ কোটি মার্কিন ডলার।ধনীদের তালিকায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রয়েছেন ৩৬ নম্বরে। গতবার এই তালিকায় তিনি ছিলেন ১৪ নম্বরে। ফোর্বস-এর এই তালিকায় ভারতীয় বংশোদ্ভূত পাঁচজন মার্কিন নাগরিকেরও স্থান হয়েছে। ফোর্বস জানায়, এই ৪০০ ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। গত বছরের তুলনায় তা বেড়েছে ২০ হাজার কোটি ডলার। এএফপি, আইএএনএস।