যুক্তরাষ্ট্রের নতুন গোপন গোয়েন্দা তত্পরতার তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের এক গোপন মাদক দমন বিভাগ দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও কর্তৃপক্ষের কাছ থেকে অগণিত নাগরিকের নানা তথ্য ও টেলিফোনে আড়ি পেতে রেকর্ড করা কথাবার্তা সংগ্রহ করছে। মাদক দমন বিভাগটির দাবি, দেশটিতে অপরাধ নিয়ন্ত্রণে এসব তথ্য ব্যবহার করা হবে। সত্যিকার অর্থে এসব তত্পরতার সঙ্গে জাতীয় নিরাপত্তার কোনো সম্পর্ক না থাকলেও রয়টার্সের সংগৃহীত নথিপত্র বলছে, মাদক দমন বিভাগকে তার সব ধরনের তত্পরতা চেপে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। রয়টার্সের এক প্রতিবেদনে আজ সোমবার বলা হয়, শুধু জনগণ বা প্রতিরক্ষা আইনজীবীদের নয়, সরকারি কৌঁসুলি ও বিচারকদের কাছ থেকেও গোয়েন্দা তত্পরতার তথ্য গোপন রাখতে নির্দেশ জারি করা হয়েছিল। রয়টার্স বলেছে, তারিখবিহীন গোয়েন্দা নথি ঘেঁটে দেখা গেছে, কোনো ব্যক্তির তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, সেটি গোপন করতে গোয়েন্দাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এ জন্য গোয়েন্দাদের এমন প্রশিক্ষণও দেওয়া হয়, যাতে তাঁরা তথ্য সংগ্রহের ধারাটি গোপন করতে একটি মিথ্যা ধারা উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলেছেন, এ কাজটি শুধু বেআইনিই নয়, সংবিধানের পরিপন্থীও বটে। কারণ, এতে একজন ব্যক্তির সুবিচার পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলেছেন, একজন বিবাদী যদি জানতে না পারেন যে কীভাবে বা কোত্থেকে তাঁর সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে, তবে তিনি সেসব তথ্যকে চ্যালেঞ্জ করতে পারেন না, বিচার পুনর্বিবেচনার আবেদন করতে পারেন না, এমনকি অভিযোগ থেকে নিষ্কৃতির আহ্বান জানাতে ব্যর্থ হন। অথচ প্রায়ই দেখা যায়, গোয়েন্দারা কোনো ব্যক্তিকে ফাঁদে ফেলতে ভুল করে বা কোনো সাক্ষীর মাধ্যমে প্রতারিত হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে থাকেন।
সাবেক বিচারক ও হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক ন্যান্সি গার্টনার বলেন, ‘আমি জীবনে কখনো এ ধরনের কোনো কথা শুনিনি।’ গার্টনার ও অন্য বিশেষজ্ঞরা বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গুপ্তচরবৃত্তি নিয়ে অভিযোগ উঠেছে, তার চেয়ে এ ঘটনাকে গুরুতর বলে মনে হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংস্থা একটি গোপন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের কোটি কোটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যাদি সংগ্রহ করছে। এ কাজ প্রচলিত আইনের পরিপন্থী বলে অভিহিত করা হচ্ছে।
গার্টনার বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে এমন ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সাধারণ অপরাধ পুরোপুরি ভিন্ন জিনিস। মনে হচ্ছে, ওরা (গোয়েন্দা সংস্থাগুলো) তদন্তের নামে মিথ্যাচার করছে।’
মাদক দমন বিভাগের যে ইউনিটটি গোপনে তথ্য সংগ্রহের কাজ করছে, সেটি স্পেশাল অপারেশনস ডিভিশন (সড) নামে পরিচিত। এর প্রায় দুই ডজন অংশীদার আছে। তাদের মধ্যে আছে যুক্তরাষ্টের কেন্দ্রীয় তদন্ত বিভাগ (এফবিআই), কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিআইএ), জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), অভ্যন্তরীণ রাজস্ব সেবা ও হোমল্যান্ড সিকিউরিটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সডের কর্মকাণ্ড এখনো গোপনে পরিচালিত হচ্ছে। এর সদর দপ্তর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ঠিক কোথায়, সেটি আজ পর্যন্ত জানা যায়নি। রয়টার্স যেসব নথি হাতে পেয়েছে, সেগুলোতের ওপরে বিশেষভাবে লেখা ছিল ‘আইনশৃঙ্খলার জন্য স্পর্শকাতর’ (ল এনফোর্সমেন্ট সেনসিটিভ)। সরকারি নথিপত্রের জন্য ব্যবহূত এ শব্দবন্ধটির অর্থ হলো, এসব কাগজপত্র গোপন রাখতে হবে।
গোয়েন্দাদের কাছে পাঠানো এক নথিতে লেখা ছিল, ‘স্মরণ রাখবেন, কোনো গোয়েন্দা তত্পরতায় সডের বিষয়ে তথ্য ফাঁস বা এ নিয়ে আলোচনা করা চলবে না।’
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রন বিভাগের তত্পরতা পর্যবেক্ষণের দায়িত্ব দেশটির বিচার বিভাগের। কিন্তু সড সম্পর্কিত প্রশ্নের কোনো জবাব দিতে রাজি হননি বিচার বিভাগের মুখপাত্র। মাদক নিয়ন্ত্রন বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা সডকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন।