প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ শীর্ষ পর্যায়ের সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে সিরিয়া। দেশটি বলেছে, এই নিষেধাজ্ঞা ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে অভিযোগে গত বুধবার প্রেসিডেন্ট বাশারসহ সাতজন নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।এই নিষেধাজ্ঞার ফলে প্রেসিডেন্ট বাশারসহ ওই নেতাদের কোনো সম্পদ মার্কিন এখতিয়ারভুক্ত এলাকায় থাকলে তা জব্দ করবে ওয়াশিংটন। ওই নেতারা যুক্তরাষ্ট্রের কারও সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না।নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানায় বলা হয়, এটা সিরিয়ার জনগণের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপেরই অংশ। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েল লাভবান হবে। নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার কোনো সিদ্ধান্তের পরিবর্তন হবে না। সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের জন্য এই প্রথম প্রেসিডেন্ট বাশারের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। এর আগে দেশটি গত মাসে প্রেসিডেন্ট বাশারের ভাই মাহের, তাঁর চাচাতো ভাই এবং সিরিয়ার গোয়েন্দা প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিবিসি, রয়টার্স।