যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়ে শ্রদ্ধা দেখাবে পাকিস্তান: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে যে পর্যালোচনা চলছে, তাতে ভারসাম্য আসবে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়ে শ্রদ্ধা দেখাবে তারা। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন ওবামা। পরমাণু নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি এই বৈঠক করেন তাঁরা।গত বছর মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ অভিযানে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়, এরপর উভয় দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে এটাই প্রথম বৈঠক।বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এতে পাকিস্তান ও আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পায়। ২০১৪ সালের শেষ নাগাদ বেশির ভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার আগে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পায়। এদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বিষয়ে পাকিস্তান কীভাবে এগোবে, এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে বিষয়টি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে পর্যালোচনা চলছে। এর আগে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, ‘আমাদের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় লড়াই চালিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘খোলাখুলিভাবে বলতে গেলে, সন্ত্রাসবিরোধী অভিযানে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। বিশ্বের কিছু অংশে আল-কায়েদার নেতৃত্বে ধস নামাতে পাকিস্তানের সহযোগিতা কাজে লেগেছে।’ বেন রোডস বলেন, ‘পাকিস্তানি প্রধানমন্ত্রী গিলানির সঙ্গে আলোচনার ক্ষেত্রে আলোচ্যসূচির মধ্যে অবশ্যই এ বিষয় থাকবে।’ এএফপি।