যুক্তরাষ্ট্রের নৌইয়ার্ডে গুলিতে নিহত ১২
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দক্ষিণ-পূর্ব এলাকায় নৌবাহিনীর একটি স্থাপনায় (ওয়াশিংটন নেভি ইয়ার্ড) অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে চারজন। তবে বন্দুকধারী কয়জন তা নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে বন্দুকধারী এ হামলা চালায়। মার্কিন নৌবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। নৌবাহিনীর কর্মীদের নিরাপদ অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াশিংটনের পুলিশ প্রধান ক্যাথি লেনিয়ার বলেন, এ ঘটনায় এক বন্দুকধারীও নিহত হয়েছে। পুলিশ সম্ভাব্য আরও দুজন বন্দুকধারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাও একাধিক বন্দুকধারীর কথা উল্লেখ করেছে।
ওয়াশিংটনের মেয়র ভিনসেন্ট গ্রে বলেন, হামলার কোনো কারণ জানা যায়নি। একে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনারও কারণ নেই।
জরুরি নিরাপত্তাকর্মীরা ওই এলাকা ঘিরে রেখেছে এবং হেলিকপ্টার টহলও শুরু করেছে। ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল বিমানবন্দর থেকে পোটোম্যাক নদী ধরে নেভি ইয়ার্ড পর্যন্ত আকাশপথে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তা ক্রিস পাওলিনো বলেন, সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করছে।
প্রেসিডেন্ট বারাক ওবামাকে হামলার ঘটনা এরই মধ্যে অবহিত করেছেন নৌবাহিনীর কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলাকারী সন্দেহে এক বন্দুকধারীকে আটক করা হয়েছে।
নৌবাহিনীর আরেকজন কর্মকর্তা হামলার ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে জানিয়েছেন।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, কড়া নিরাপত্তাধীন সদর দপ্তরে এ হামলা হয়। ওই নেভি ইয়ার্ডের অধীনে প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। বিবিসি, রয়টার্স ও এএফপি।