যুক্তরাষ্ট্রের পর নাকচ করল ইরান
পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটন দ্বিপক্ষীয় আলোচনায় বসার খবর এবার নাকচ করে দিয়েছে ইরান। এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র এই খবর নাকচ করে দেয়। গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদন প্রকাশ করে।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুজন প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠানের আগে নিউইয়র্ক টাইমস এমন প্রতিবেদন প্রকাশ করল।যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার এক দিন পর গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। ছয় জাতির সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে আলোচনা চলছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় কোনো আলোচনার সিদ্ধান্ত হয়নি।’ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে নীতিগতভাবে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে কয়েক দফা গোপন বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। তবে ইরান একটা বিষয় স্পষ্ট করে জানিয়েছে, আগামী ৬ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে তারা এ আলোচনায় বসতে রাজি নয়।হোয়াইট হাউসের পক্ষ থেকে নিউইয়র্ক টাইমস-এর এই প্রতিবেদন নাকচ করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউস বলেছে, তারা বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর গত শনিবার বলেন, মার্কিন নির্বাচনের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় বসার সমঝোতা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। রয়টার্স ও এএফপি।