যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন!
ভারতে আগামী মাসে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের প্রচারণায় সব মিলিয়ে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয় করতে যাচ্ছেন রাজনীতিকেরা। এর চেয়ে বেশি ব্যয় হয়েছিল একবার মার্কিন নির্বাচনে। ভারতের স্লথগথির অর্থনীতিতে সাময়িকভাবে হলেও কিছুটা গতির সঞ্চার করতে পারে এই বিপুল ব্যয়।
নির্বাচনী বৈতরণী পার হতে ভারতের রাজনীতিকেরা বিভিন্নভাবে অর্থ ঢালেন। খামে ভরে ভোটারদের নগদ অর্থ দেওয়া থেকে শুরু করে বিজ্ঞাপন প্রচার করে লাখ লাখ রুপি খরচ করেন। এবারের লোকসভা নির্বাচনে রাজনীতিকেরা তিন হাজার কোটি রুপি (৪৯০ কোটি ডলার) ব্যয় করবেন বলে অনুমান করছে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ।
ভারতে ২০০৯ সালে অনুষ্ঠিত সর্বশেষ লোকসভা নির্বাচনে রাজনীতিকেরা সর্বসাকল্যে যা ব্যয় করেছিলেন, তার পরিমাণ এবারের আনুমানিক ব্যয়ের মাত্র এক-তৃতীয়াংশ বলে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি। এবার প্রচারণায় ব্যয়ের অঙ্কটা এত বেশি হওয়ার পেছনে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যবসাবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত মোদি দেশব্যাপী সভা-সমাবেশ ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে গত বছর থেকেই প্রচারণা চালিয়ে আসছেন।
সেন্টার ফর মিডিয়া স্টাডিজের চেয়ারম্যান এন ভাস্করা রাও বলেন, ‘বিজেপি অনেক আগেই প্রচারণা শুরু করেছে। পাশাপাশি যেসব রাজ্যে তাদের ঐতিহাসিকভাবে শক্ত অবস্থান নেই, সেসব রাজ্যের ওপরও তারা আলোকপাত করছে।’
ভারতের অর্থনীতি এখন আশির দশকের পর সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে রয়েছে। চলতি মাসের শেষে যে অর্থবছর শেষ হচ্ছে, তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে হবে বলে অর্থনীতিবিদেরা পূর্বাভাস দিয়েছেন। পর পর দুই বছর এ অবস্থা দেখতে হচ্ছে ভারতকে। এমন প্রেক্ষাপটে নির্বাচনে প্রচারণায় বিশাল ব্যয় অর্থনীতিকে কিছুটা হলেও চাঙা করতে পারে।
নির্বাচনী প্রচারণায় এবার ভারতে যে ব্যয় হবে বলে ধরা হচ্ছে, বিশ্বের ইতিহাসে তার চেয়ে বেশি ব্যয় কেবল একবারই হয়েছে। সেটি হয়েছে ২০১২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ওই নির্বাচনে বিভিন্ন প্রার্থী, দল ও সমর্থক গ্রুপ মিলে ৭০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছিল। রয়টার্স।