যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে আসছেন না। ২৫ জুন কয়েক ঘণ্টার সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।ঢাকায় মার্কিন দূতাবাস জন কেরির পরিকল্পিত ঢাকা সফর বাতিলের তথ্যটি গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের খবরটি নিশ্চিত করেছে। তবে সফরটি কেন বাতিল করা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কর্মকর্তারা মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিন-তারিখের হিসাবে জন কেরির ঢাকা সফরের পরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধার (জিএসপি) বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া কথা ছিল। বাংলাদেশের জিএসপি অব্যাহত রাখা না-রাখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই পক্ষে-বিপক্ষে মত রয়েছে। বিশেষ করে, সাভারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের জিএসপি বাতিলের দাবি জোরালো হচ্ছে। এমন পরিস্থিতি সফর বাতিলের অন্যতম প্রধান কারণ হতে পারে জিএসপি ইস্যুটি।জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি গতকাল মুঠোফোনে খুদে বার্তায় (এসএমএস) প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। জন কেরি দুই পক্ষের সুবিধাজনক সময়ে এ আমন্ত্রণের সুযোগ কাজে লাগাবেন। তবে তাঁর সফরের ব্যাপারে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা দেওয়া হবে।’
প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ২৫ জুন দিল্লি থেকে ঢাকায় আসার কথা ছিল। ভারত-যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারি সংলাপে অংশ নিতে জন কেরির ২৪ জুন দিল্লি সফরের কথা রয়েছে।