যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত, নিহত ১
যুক্তরাষ্ট্রের পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপপ্রবাহজনিত কারণে লাস ভেগাসে একজন মারা গেছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়, অসহনীয় তাপপ্রবাহে অনেকেই পানিশূন্যতা ও দুর্বলতায় ভুগছে। বেশ কিছু ভুক্তভোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে।
ক্যালিফোর্নিয়া, নেভাদা ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে শীতলীকরণ কেন্দ্র খোলা হয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এসব এলাকার জনজীবন হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর।
কোনো কোনো এলাকার তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি বিশ্বের সর্বকালের রেকর্ড তাপমাত্রার কাছাকাছি।
ক্যালিফোর্নিয়ার কয়েকটি অংশে গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আরও কয়েক দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ কারণে দাবদাহের আশঙ্কা করা হচ্ছে।
নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে খোলা আকাশের নিচে এক কনসার্টে আসা দর্শনার্থীদের মধ্যে অনেকেই তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৩৪ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে অনেকে দাবদাহ ও পানিশূন্যতায় আক্রান্ত হয়ে চিকিত্সা নিয়েছেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পশ্চিমের কিছু কিছু এলাকায় আগামীকাল সোমবার পর্যন্ত তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করেছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার ক্যালিফোর্নিয়ার মরু এলাকা ডেথ ভ্যালির তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের পৌঁছাতে পারে। ১০০ বছর আগে ১৯১৩ সালের ১০ জুলাই পূর্ব ক্যালিফোর্নিয়ার এই স্থানেই বিশ্বের এযাবত্কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস (১৩৪ ফারেনহাইট)।