যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, কানাডায় জনজীবন বিপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল তুষারপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিউইয়র্কসহ আশপাশের প্রধান বিমানবন্দরগুলোতে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে কানাডাতেও ব্যাপক তুষারপাতের তথ্য পাওয়া গেছে। সেখানে সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। টরন্টো বিমানবন্দরে ৮০০ ফ্লাইট বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কানেটিকাট, নিউইয়র্ক ও মেইন অঙ্গরাজ্যে গত শুক্রবার সকাল থেকে তুষারঝড় শুরু হয়। এসব অঙ্গরাজ্যের সড়কগুলো পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে। বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কিউমবারল্যান্ড শহরের কাছে ১৯টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল থেকেই নিউইয়র্ক থেকে বোস্টন পর্যন্ত অবিরাম তুষারপাত হয়। এ অবস্থা অব্যাহত থাকলে কোনো কোনো এলাকায় তিন ফুট পর্যন্ত তুষার জমতে পারে। তুষারের কারণে ইতিমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যের মানুষেরা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুষারপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নিউ ইংল্যান্ডে তুষারপাত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে এখানে প্রায় আড়াই ফুট পর্যন্ত তুষার জমেছিল। নিউইয়র্ক ও নিউ জার্সির সাগর উপকূলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বোস্টন এলাকায় তিন ফুট পুরু বরফের স্তরে ঢাকা পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার সারা দিন ব্যাপক তুষার ঝড়ে কানাডার অন্টারিও প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঘণ্টায় প্রায় ৫৮ কিলোমিটার বাতাসের সঙ্গে ৩৫ সেন্টিমিটার ঘন তুষারপাত হয়। বিভিন্ন সড়কে তুষার জমে যানবাহন আটকা পড়ে এবং যানজটে অন্টারিওর প্রধান জনবহুল শহর টরন্টো স্থবির ও বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহত্তর টরন্টো শহরে ৩৫০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয় এবং এসব দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়। অন্টারিওর প্রাদেশিক সরকার টরন্টোসহ আশপাশের কয়েকটি ঝড়ের বিপদ সংকেত ঘোষণা করে। এদিকে রাস্তাঘাটে তুষার পরিচ্ছন্নতার কাজ করার জন্য ৬০০টি ভারী যান নিয়োজিত থাকলেও শহরের অনেক স্থানেই সকাল ১০টার পর কাজ শুরু করা হয়। এ কারণে ওই সব এলাকার বাসিন্দারা কাজে যেতে পারেনি। ক্যাথোলিক স্কুল বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলো আগেই বন্ধ ঘোষণা দেওয়া হয়।