যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আবারও তুষারঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আরও একবার বড় ধরনের তুষারঝড় আঘাত হেনেছে। এতে জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে।ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত ওই তুষারঝড়ের কারণে জাতিসংঘ সদর দপ্তর বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত কার্যক্রম কাটছাঁট করতে বাধ্য হয়েছে মার্কিন কংগ্রেস।গতকাল বুধবার ওয়াশিংটনের সরকারি কার্যালয়গুলো বন্ধ রাখা হয়। জাতিসংঘ জানায়, তুষারঝড়ের কারণে বুধবার তাদের নিউইয়র্কের সদর দপ্তর বন্ধ রাখা হয়।ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদের পূর্বাভাসে জানায়, আগামী কয়েক দিন নিউইয়র্কে ১৪ ইঞ্চি পর্যন্ত তুষার পড়তে পারে। বাল্টিমোরে ২০ ইঞ্চি ও ফিলাডেলফিয়ায় সর্বোচ্চ ১৯ ইঞ্চি তুষারপাত হতে পারে।দ্য অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট জানায়, ওয়াশিংটনের কেন্দ্রীয় সংস্থার কার্যালয়গুলো বুধবারও বন্ধ থাকে। গত সপ্তাহান্তে ওয়াশিংটন থেকে নিউ জার্সির দক্ষিণাঞ্চল পর্যন্ত ১৮ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি তুষার পড়ে। বাসিন্দারা তুষার খুঁড়ে রাস্তা বের করার চেষ্টা করছে। অনেকেই রেফ্রিজারেটরে খাদ্যসামগ্রী মজুদ ও ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা করছে।বোস্টনেও তুষারঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারঝড়ের আশঙ্কায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লোকজন আগেভাগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে রাখছে।মেরিল্যান্ডের টাকোমা পার্ক এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে তুষার সরাতে সরাতে সরকারি আইনজীবী ডেভিড কাপলান (৫০) বলেন, ‘আমি এটা ভালোবাসি। আমি আরও এক দফা সামলাতে পারব।’ তিনি বলেন, বাড়ি থেকে মূল সড়কে বের হওয়ার রাস্তা এবং বাড়ির ছাদ পরিষ্কার করতে তাঁকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। কাপলান বলেন, ‘এটা অনেক কঠিন কাজ। আমি আশা করছি, আর কখনই আমাকে বা অন্য কাউকে এটা করতে হবে না। এমন দিন যেন কেউ আর না দেখে।’তুষারঝড়ের কারণে চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধি পরিষদের অনেক শুনানিও স্থগিত করা হয়।তুষারঝড়ের কারণে ওয়াশিংটনে বাস ও পাতালরেল পরিষেবা সীমিত রাখা হয়। অনেক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার যাত্রী আটকা পড়েছে। রয়টার্স অনলাইন ও পিটিআই।