যুক্তরাষ্ট্রের প্রথম বুলেট ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন
ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা অঙ্গরাজ্যটিতে অতি দ্রুতগতির ট্রেন (বুলেট ট্রেন) চালুর লক্ষ্যে একটি অর্থায়ন বিল অনুমোদন করেছেন। এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম দ্রুতগতির রেললাইন প্রকল্পের একটি অংশ। ফ্রান্স, জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতগতির ট্রেন চালু রয়েছে।১৩০ মাইল দীর্ঘ (২০৯ কিলোমিটার) রেলপথে দ্রুতগতির ওই ট্রেন চালু করতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে শুক্রবার ২১-১৬ ভোটে বিলটি অনুমোদিত হয়। এর আগের দিন রাজ্য আইনসভার নিম্নকক্ষ ‘অ্যাসেম্বলি’ এটি অনুমোদন করে।অনুমোদিত রেলপথটি লস অ্যাঞ্জেলেস থেকে সানফ্রান্সিসকো পর্যন্ত প্রস্তাবিত বৃহত্তর রেলপথেরই একটি অংশ হবে। সিনেটে বিলটি অনুমোদনের পর ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন এক বিবৃতিতে বলেন, এই সাহসী পদক্ষেপ ক্যালিফোর্নিয়ায় আবার কর্মোদ্যম সৃষ্টি করবে এবং এ রাজ্যকে আরেকবার সবার সামনে নিয়ে আসবে।সমালোচকেরা বলছেন, এই বুলেট ট্রেন চালু করা হবে অর্থ অপচয়ের নামান্তর। তবে এর সমর্থকেরা একে প্রয়োজনীয় অবকাঠামোগত প্রকল্প বলে আখ্যায়িত করেছেন। লস অ্যাঞ্জেলেস-সানফ্রান্সিসকো দ্রুতগতি রেলপথ স্থাপনের চূড়ান্ত ব্যয় আনুমানিক ছয় হাজার ৮০০ কোটি ডলার।গভর্নর জেরি ব্রাউন ওই বুলেট ট্রেন চালুর জন্য জোরালো তদবির করেন। আইনসভা বিলটি অনুমোদনের পর তিনি নিয়ম অনুযায়ী এতে সই করবেন। এরপর রাজ্য সরকার প্রথম পর্যায়ের অর্থ সংগ্রহে ২৬০ কোটি ডলারের বন্ড বিক্রি শুরু করবে। বিবিসি।