জাতিসংঘের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের কথিত নজরদারি নিয়ে মার্কিন সরকারের অবস্থান জিজ্ঞাসা করা হবে। জাতিসংঘের এক মুখপাত্র গত সোমবার এ কথা জানিয়েছেন।জার্মানির ডের স্পিগেল সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শীর্ষ কয়েকজন কর্মকর্তার এক ভিডিও কনফারেন্সের ওপর মার্কিন কর্তৃপক্ষ অবৈধভাবে নজরদারি করেছে।জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে বলেন, ডের স্পিগেল-এর প্রতিবেদনটি সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা হবে। এ ধরনের অভিযোগের ব্যাপারে আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে জাতিসংঘ।ডের স্পিগেল সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ২০১২ সালের মাঝামাঝি জাতিসংঘের ভিডিও কনফারেন্সে নজরদারির মধ্য দিয়ে নিয়ম লঙ্ঘন করেছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, অংশীদার ও মিত্রদেশগুলোর যেকোনো উদ্বেগের ব্যাপারে কূটনৈতিক উপায়ে জবাব দেওয়া হবে। এএফপি।