পশ্চিমা প্রভাবশালী দেশগুলো ইরানের সঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার পথেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। এটা মানতে কষ্ট হচ্ছে সৌদি আরবের। কারণ পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের মিত্রতা দীর্ঘদিনের। মিত্রদের এই অবহেলার পর তাদের বাদ দিয়ে নিজেদের মতো করে পররাষ্ট্রনীতি গ্রহণ করার মতো তেমন কোনো সুযোগ সৌদি আরবের সামনে আছে বলে মনে হচ্ছে না।
এর পরও ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ওপর নাখোশ সৌদি কর্মকর্তারা নতুন পথ খুঁজে ফিরছেন। আরব বিশ্বে ইরানের মিত্রদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে, এমন বিশ্বশক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপনের চিন্তা করছেন তাঁরা। পশ্চিমারা যদি ইরানের পারমাণবিক ক্ষমতা নষ্ট করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে নিজেদের জন্য পারমাণবিক শক্তি অর্জনের বিষয়টিও বিবেচনা করছে সৌদি আরব।
রিয়াদ বিকল্প শক্তির সঙ্গে মিত্রতার সন্ধান করলেও তা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় আছে। কারণ দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। এখন তারা ওয়াশিংটনের বিকল্প খুঁজলেও অন্য শক্তিগুলো তাদের বিশ্বাস করবে কীভাবে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে সৌদি আরবের অবস্থানের পুরোপুরি বিপক্ষে রাশিয়া। আর চীনের সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের তুলনায় বেশ দুর্বল।
২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়াদে জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রবার্ট জর্ডান। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের বিকল্প মিত্র পাওয়ার সুযোগ সৌদি আরবের জন্য খুবই সীমিত।
জর্ডান বার্তা সংস্থা রয়র্টাসকে বলেন, ‘সৌদি আরবের তেল ও তাদের অর্থনীতির নিরাপত্তা দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশের নেই। যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সেটি ভালোভাবেই জানে। কাজেই দুই দেশের এই মিত্রতায় শিগগিরই বড় ধরনের কোনো নড়চড় হবে বলে মনে হয় না।’
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে জর্ডান যখন সৌদি আরবে কূটনীতিকের দায়িত্বে ছিলেন, তখন থেকেই রিয়াদ নিজেদের পররাষ্ট্রনীতির পরিবর্তন নিয়ে ভাবতে শুরু করে। বিশেষ করে তারা পারমাণবিক অস্ত্র পাওয়ার স্বপ্ন দেখতে থাকে। এতে করে চির শত্রু ইরানের পরিবর্তে তারাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খলনায়কে পরিণত হয়।
সৌদি আরবের নীতিনির্ধারণী পর্যায়ের খুব ঘনিষ্ঠ এক বিশ্লেষক বলেন, ‘সৌদি আরবকে আরেকটি ইরান হওয়ার দরকার নেই। তাহলে তা হবে আমাদের ঐতিহ্যগত পরিচয়ের বিপরীত। এর চেয়ে বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্য একটি দেশ হিসেবে থাকাই আমাদের জন্য মঙ্গল। এতে করে কৌশলগত স্থিতিশীলতা আসবে এবং তেলের বাজারও স্থিতিশীল থাকবে।’
সৌদি আরব ঠিক কোন পথে হাঁটতে শুরু করেছে, তা এখনো নিশ্চিত করে বলা যায় না। কিন্তু কূটনৈতিক সূত্র ও উপসাগরীয় অঞ্চলের বিশ্লেষকরা মনে করেন, আরব বিশ্বের বাইরের মিত্রদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঝুঁকি সৌদি আরব নেবে না। কাজেই ইরান নিয়ে পশ্চিমাদের সঙ্গে তারা কূটনৈতিক দেনদরবার চালিয়ে যাবে এবং এ পথেই নতুন সম্ভাবনা খুঁজবে।
ওয়াশিংটনের ওপর কখনোই ক্ষিপ্ত হননি সৌদি আরবের শীর্ষ নেতৃত্ব। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত মাসে অন্তর্বর্তী চুক্তি করার আগে মাসের পর মাস ধরে এ নিয়ে সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গোপনে আলোচনা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। এরপর সৌদি আরবের মনে এমন ভয় ঢুকে যায়, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র বুঝি তাদের এড়িয়ে চলতে চাইছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, চুক্তির অগ্রগতি সম্পর্কে সৌদি আরবকে জানানো হবে। ইরানের সঙ্গে মার্কিন চুক্তিটি হয় গত ২৪ নভেম্বর। কিন্তু চুক্তি হওয়ার আগে এতে কী থাকছে, সে সম্পর্কে প্রায় অন্ধকারে ছিলেন সৌদি নেতারা।
তবে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে জেনেভায় দুই দফা আলোচনার সময় সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন জন কেরি।
ওই কর্মকর্তা বলেন, চুক্তিটি স্বাক্ষরিত হয় মধ্যরাতে। এর পরপরই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন জন কেরি।
ইরান মনে করছে, ওই চুক্তির ফলে ইরানের ওপর চাপ শিথিল হবে। এতে করে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার আরও সুযোগ পাবে তেহরান। রয়টার্স।