যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের ডাক সদরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের কট্টর শিয়া রাজনৈতিক নেতা মুকতাদা আল সদর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাঁর অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার শিয়াদের পবিত্র নগর ও সদরের শক্ত ঘাঁটি নাজাফে বিশাল এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।টানা চার বছর প্রতিবেশী দেশ ইরানে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটানোর পর সদর গত বুধবার ইরাকে ফিরে আসেন। দেশে ফেরার পর গতকালই তিনি প্রথম জনসমক্ষে বক্তব্য দেন।চরম মার্কিনবিদ্বেষী তরুণ এই নেতা তাঁর হাজার হাজার অনুসারীর উদ্দেশে বলেন, পূর্বপরিকল্পনা অনুসারে এ বছরের মধ্যে মার্কিন সেনারা যাতে ইরাক ত্যাগ করে, সে বিষয়টি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি সরকারকে নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নবগঠিত সরকার জনগণকে নিরাপত্তা ও সেবা দিতে ব্যর্থ হলে তাঁরা এ সরকারকে ত্যাগ করবেন। কারণ, রাজনৈতিকভাবে এ সরকারকে মোকাবিলা করার হাতিয়ার তাঁদের আছে। তবে নতুন এ সরকারকে তাঁরা সুযোগ দিতে চান।সাতজনকে মন্ত্রী করার শর্তে পার্লামেন্টে ৩৯ আসন পাওয়া সদরের দল গত মাসে মালিকির জোট সরকারে যোগ দেয়।দখলদার মার্কিন সেনাদের সঙ্গে একাধিক সংঘর্ষে লিপ্ত হওয়া মিলিশিয়া বাহিনী মাহদি আর্মির প্রধান মুকতাদা আল সদর বলেন, ‘বিশ্ববাসীকে আমরা বলতে চাই, যুক্তরাষ্ট্রকে আমরা প্রত্যাখ্যান করেছি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ব্রিটেন হচ্ছে তাঁদের সবচেয়ে বড় শত্রু। ৩৫ মিনিট স্থায়ী ভাষণে সদর বলেন, ‘আমরা ইরাকিদের হত্যা করি না। আমাদের এ হাত কোনো দিন ইরাকিদের ওপর উঠবে না। আমাদের লক্ষ্য হচ্ছে, দখলদার সেনারা। তাদের যেকোনো উপায়ে আমরা প্রতিরোধ করে যাব। ইরাক থেকে দখলদার বাহিনীকে বের করে দিতে নতুন সরকারকে অবশ্যই কাজ করতে হবে।’৩৭ বছর বয়সী ক্ষমতাধর এই শিয়া নেতা ২০০৭ সালে ইরাক থেকে প্রতিবেশী দেশ ইরানে চলে যান। একজন শিয়া নেতাকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে মার্কিন সেনাদের হাতে গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ চার বছর ইরানে অবস্থান করেন। তবে তিনি ঠিক কত দিন ইরাকে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। বিবিসি, এপি, এএফপি।