যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও গ্যাস পাইপলাইন হচ্ছে
যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তান-ইরান গ্যাস পাইপলাইনের পাকিস্তান অংশের কাজ শুরু হয়েছে। দুই দেশের প্রেসিডেন্ট গতকাল সোমবার এ কাজের উদ্বোধন করেন।ইরানের বৃহৎ গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত এই পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ১৯৯০-এর দশকের প্রথম দিকে। তবে যুক্তরাষ্ট্র প্রথম থেকে এই পাইপলাইন স্থাপনের বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধে বাধ্য করতে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা আছে, এই পাইপলাইন নির্মাণ করা হলে তা লঙ্ঘিত হবে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার পর অবশেষে ২০০৯ সালে খরচ ও নিরাপত্তার বিষয়টি তুলে ভারত এই প্রকল্প থেকে সরে যায়। এর আগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ভারত।তবে পাকিস্তান বলছে, তাদের দেশের জ্বালানি ঘাটতি মেটাতে ইরান থেকে গ্যাস আমদানি অপরিহার্য হয়ে পড়েছে। ইরান-পাকিস্তান দুই দেশ এই পাইপলাইনকে ‘শান্তি পাইপলাইন’ হিসেবে অভিহিত করছে। পাইপলাইনের ইরান অংশের কাজ প্রায় পুরোটাই শেষ হয়েছে। বাকি আছে পাকিস্তান অংশের কাজ। ৭০০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্প দুই বছরে শেষ হবে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত থেকে গ্যাস পাইপলাইন নির্মাণকাজ উদ্বোধন করেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, জারদারি ও আহমাদিনেজাদ করমর্দন করছেন। এরপর মোনাজাত শেষে নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন দুই প্রেসিডেন্ট।আর ইরানের জাতীয় সম্প্রচার নেটওয়ার্ক আইআরআইবি জানায়, পাইপলাইনের ইরানি অংশের ৯০০ কিলোমিটারের কাজ শেষ করেছে দেশটির ঠিকাদারেরা। তাঁরাই পাকিস্তান অংশের কাজ করবেন।বার্তা সংস্থা ফার্স জানায়, পাইপলাইনের পাকিস্তান অংশের কাজে ১৫০ কোটি মার্কিন ডলারের মতো খরচ হবে। এই অর্থের এক-তৃতীয়াংশ অর্থাৎ ৫০ কোটি ডলার পাকিস্তানকে ঋণ দিতে সম্মত হয়েছে ইরান।কাজ শেষে ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছে দুই দেশ। রয়টার্স।