যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস বন্ধ করে দিয়েছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের চালু করা ‘ভার্চুয়াল দূতাবাস’ গত বুধবার বন্ধ করে দিয়েছে তেহরান। তেহরানের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। গতকাল বুধবার হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপের মাধ্যমে ইরান সরকার আবারও তাদের অঙ্গীকার লঙ্ঘন করেছে এবং জনগণের ওপর সেন্সরশিপ আরোপ করেছে।ইরানের নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র একটি অনলাইন দূতাবাস চালু করে। যুক্তরাষ্ট্র জানায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় ইরানের সাধারণ নাগরিকদের সঙ্গে যোগাযোগের বাধা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।ভার্চুয়াল দূতাবাসে মার্কিন ভিসার ব্যাপারে ইংরেজি ও ফারসি ভাষায় প্রয়োজনীয় তথ্য দেওয়া ছিল। এ ছাড়া সেখানে সংযুক্ত এক ভিডিওবার্তায় হিলারি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মার্কিন ও ইরানি নাগরিকেরা নির্ভয়ে যোগাযোগ করতে পারবেন। কূটনৈতিক সম্পর্ক না থাকায় দুই দেশের জনগণ পারস্পরিক আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ওই বছর জঙ্গি ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায় এবং ৫২ জন মার্কিন নাগরিককে ৪৪৪ দিন জিম্মি করে রাখে। ওই বিপ্লবে পশ্চিমাপন্থী শাহ সরকারকে উৎখাত করা হয় এবং পরে তেহরানে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যায়। এএফপি।