যুক্তরাষ্ট্রের ভেটোর ঘোষণায় সমালোচনা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীর, রামাল্লাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রাজনীতিক, বিশ্লেষক ও সাধারণ ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।প্যালেস্টিনিয়ান ওয়ার্কার্স ইউনিয়ন আজ শুক্রবার আরব বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছে।গত বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ওবামার ভাষণের পর গতকাল হাজার হাজার ফিলিস্তিনি পশ্চিম তীরে প্রেসিডেন্টের সদর দপ্তরের বাইরে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে দখলদার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের তীব্র সমালোচনা করে স্লোগান দেওয়া হয়। এ ছাড়া গাজা শহরে জাতিসংঘ কার্যালয়ের বাইরে গতকাল প্রায় ৩০০ ফিলিস্তিনি নারী প্রতিবাদ সমাবেশ করে। তারা ওবামাবিরোধী স্লোগান দিতে থাকে। রামাল্লায় বিক্ষোভকারীরা আমেরিকাকে ‘সাপের মাথা’ হিসেবে আখ্যায়িত করে স্লোগান দিয়েছে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ঘটনাকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে রাজনীতিক, বিশ্লেষক ও সাধারণ ফিলিস্তিনিরা। তারা বলেছে, এ ঘটনা প্রমাণ করে, যুক্তরাষ্ট্র সংকট নিরসনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে অক্ষম।গাজায় হামাস নেতারা বলেছেন, ওবামার বক্তব্যের পর এখন থেকে ফিলিস্তিন ও আরব বিশ্বকে ওয়াশিংটনের ওপর নির্ভর করে থাকা বন্ধ করা উচিত। মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ‘ওবামার বক্তব্য ইসরায়েলি দখলদারির প্রতি যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন। এটা প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্রের প্রতি আরব ও ফিলিস্তিনের আস্থা রাখা ভুল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উদ্ধত আচরণের পর আমরা স্বনির্ভর এবং আরব ও মুসলিম বিশ্বের সমন্বয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি জাতীয় কৌশল গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ফিলিস্তিনের আল আইয়াম, আল-কুদসসহ প্রধান প্রধান দৈনিকে নিবন্ধে ভাষ্যকারেরাও যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার প্রতি উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।আল আইয়াম পত্রিকায় প্রকাশিত নিবন্ধে ভাষ্যকার তালাল ওকাল বলেছেন, ওবামার বক্তব্য ফিলিস্তিনিদের প্রত্যাশার ধারে-কাছেও পৌঁছায়নি। তিনি যা বলেছেন, তা ইসরায়েলের নীতি ও ইচ্ছার বহিঃপ্রকাশ মাত্র। আল আইয়াম পত্রিকায় ওবামাকে ব্যঙ্গ করে একটি কার্টুনও প্রকাশিত হয়েছে।অন্যদিকে আল-কুদস পত্রিকায় প্রকাশিত নিবন্ধে আরব-ইসরায়েলি এমপি আহমেদ তিবি বলেন, ওবামা তাঁর বক্তব্যে আরব বিশ্বের স্বৈরশাসকদের বিরুদ্ধে জনগণের চলমান অভ্যুত্থানের প্রশংসা করেছেন, অথচ ফিলিস্তিনের জমি দখলকারী ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটি করেনি। এএফপি, রয়টার্স ও বিবিসি।