যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের মানবাধিকারবিষয়ক বিভিন্ন ঘটনা ও তথ্য পর্যালোচনা করে দেখবে জাতিসংঘ। এ বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের সামনে আজ সোমবার দীর্ঘ প্রকাশ্য বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে গুরুত্ব পাবে পুলিশি নির্মমতা, বর্ণবাদ ও জনগণের ওপর নজরদারির অভিযোগ এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের’ মতো বিষয়গুলো। খবর এএফপির।
জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের সবাইকে নিয়ে প্রতি চার বছর পর পর ইউনিভার্সাল পিরিওডিক্যাল রিভিউ শীর্ষক বিতর্ক হয়। যুক্তরাষ্ট্রকে নিয়ে বিতর্কে সম্প্রতি পুলিশের হাতে বিভিন্নভাবে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর আলোচিত বিষয়টি বিশেষভাবে উঠবে।
মার্কিন কর্তৃপক্ষ সর্বশেষ বাল্টিমোরে গত মাসে পুলিশি হেফাজতে ফ্রেডি গ্রে (২৫) নামের একজন কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদে সংঘটিত দাঙ্গার ব্যাপারে তদন্ত শুরু করেছে। এ ছাড়া মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন এলাকায় গত বছর মাইকেল ব্রাউন (১৮) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল।
জেনেভার বিতর্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিথ হার্পার এবং ভারপ্রাপ্ত মার্কিন আইন উপদেষ্টা মেরি ম্যাকলিওড। তাঁরা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন কৌশল, পুলিশি নির্মমতা, আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন জনগোষ্ঠীসহ অন্য সংখ্যালঘুদের প্রতি বিরূপ আচরণ ইত্যাদি বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারেন। শিশুসহ যুক্তরাষ্ট্রে অবস্থানকারী অবৈধ অভিবাসীদের কারারুদ্ধ করে রাখার ব্যাপারেও বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা প্রশ্ন করবেন বলে ধারণা করা হচ্ছে।