যুক্তরাষ্ট্রের মিশিগানে ঝড়ে এক লাখ মানুষ বিদ্যুৎ-বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওপর দিয়ে কয়েক দফা ঝড়ের কারণে গত সোমবার এক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটারের বেশি। জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাটল ক্রিক শহর। এখানে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। নগরের জরুরি সেবাব্যবস্থার প্রধান মাইক ম্যাকেনজি সিএনএনকে জানান, ঝড়ে অনেক বাড়ি ও যানবাহনের ওপর গাছপালা ভেঙে পড়ে। শহরের বড় একটি অংশের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাথমিকভাবে কোনো মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আবহাওয়া কর্তৃপক্ষ সোমবার জানায়, এ অঞ্চলটির ওপর দিয়ে বয়ে যাওয়া ওই উপর্যুপরি ঝড়গুলো ছোটখাটো একটি টর্নেডোর জন্ম দিয়েছিল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ওপর বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে। এতে মধ্য ও দক্ষিণের আরকানস, মিসৌরি, ওকলাহোমা এবং কানসাস রাজ্যে দেড় শতাধিক মানুষ প্রাণ হারায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ টর্নেডোটি বয়ে যায় মিসৌরির জপলিন শহরের ওপর দিয়ে। এটি ছিল গত ছয় দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ ঝড়। এতে কমপক্ষে ১৪২ জন নিহত ও সাত শতাধিক ব্যক্তি আহত হয়। এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।