যুক্তরাষ্ট্রের সংকট কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থা শিগগিরই কাটছে না। সমস্যা সমাধানে গত শুক্রবার রিপাবলিকান দলের সিনেটরদের সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক ব্যর্থ হয়েছে। এতে করে অচলাবস্থা আগামী সপ্তাহ ছোঁয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
বিরোধী দলের জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের সঙ্গে ব্যর্থ বৈঠকের পর শীর্ষ দেড় শ মার্কিন ব্যবসায়ীর একটি জোটের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওবামা। একই দিনে ২৫টি অঙ্গরাজ্যের গভর্নরদের একটি জোটের সঙ্গেও কথা বলেন তিনি।
চলমান অচলাবস্থার কারণে গতকাল শনিবার মার্কিন সরকারি সেবা খাতগুলোর কার্যক্রম দ্বাদশ দিনের মতো বন্ধ থাকে।
অচলাবস্থা নিরসন ও সরকারের ঋণসীমা বৃদ্ধির বিষয় নিয়ে প্রেসিডেন্ট ওবামা শুক্রবার বিরোধী দল রিপাবলিকান পার্টির সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাতে ‘আশাবাদী হওয়ার মতো ইঙ্গিত মিললেও’ অচলাবস্থা নিরসনে কোনো সমঝোতা হয়নি। পরে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা জন বোয়েনারের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওবামা। বৈঠক প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ‘বৈঠকের মাধ্যমে পারস্পরিক দূরত্ব কমে গেছে। আমরা গঠনমূলক মানসিকতা দেখতে পেয়েছি। কিন্তু সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছি।’ ১৭ অক্টোবর মার্কিন সরকারের বর্তমান ঋণসীমার মেয়াদ শেষ হচ্ছে।
ব্যবসায়ীদের জোটের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আপনারা অচলাবস্থা নিরসন ও ঋণসীমা বাড়ানোর বিষয়ে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। এটার সমাধান হলে আমি দীর্ঘমেয়াদের বাজেট নিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসব।’
গভর্নরদের জোটের সঙ্গে আলোচনায় ওবামা বলেন, দীর্ঘমেয়াদে অচলাবস্থা চললে ব্যবসায়ী ও ভোক্তারা আস্থা হারাবেন, দেশজুড়ে বিভিন্ন জাতীয় উদ্যান ও স্থাপনাকেন্দ্রিক পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।
জনমত জরিপ: ওয়াল স্ট্রিট জার্নাল ও এবিসি নিউজ পরিচালিত জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ মার্কিন নাগরিক বর্তমান পরিস্থিতির জন্য রিপাবলিকানদের দায়ী করছেন। আর ওবামার দোষ দিচ্ছেন ৩১ শতাংশ। এএফপি ও রয়টার্স।