যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারি চুক্তি আফগান পার্লামেন্টে অনুমোদিত
যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কৌশলগত অংশীদারি চুক্তি গতকাল শনিবার আফগান পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে। এ মাসের শুরুর দিকে এই চুক্তি সই হয়। একজন আইনপ্রণেতা এ কথা জানিয়েছেন।শুকরিয়া এসাখিল নামে ওই আইনপ্রণেতা জানান, ‘আমরা অধিকাংশ আইনপ্রণেতাই ওই কৌশলগত চুক্তির পক্ষে ভোট দিয়েছি।’ তিনি জানান, ভোটাভুটির সময় পার্লামেন্টে ২৪৯ জন আইনপ্রণেতার ১৯০ জনই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে শুধু পাঁচজন চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন।এ মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঝটিকা সফরে কাবুল যান। সফরকালে তিনি ও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই চুক্তি সই করেন। কাবুলের সঙ্গে যুদ্ধপরবর্তী সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চুক্তিটি সই করা হয়। ২০১৪ সাল নাগাদ ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর আফগানিস্তান ত্যাগ করার কথা। চুক্তি অনুযায়ী আফগান সেনাদের প্রশিক্ষিত করতে এবং আফগানিস্তান থেকে আল-কায়েদাকে হটাতে মার্কিন নিরাপত্তা বাহিনী কাবুলকে সহায়তা করবে। তবে ওয়াশিংটন সুনির্দিষ্টভাবে কাবুলকে সেনা বা তহবিল দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে না।বখতাশ সেয়াওয়াশ নামে আরেক আইনপ্রণেতা জানান, এই চুক্তির ফলে ইরানসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এএফপি।