যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় কিউবা: রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। গতকাল বৃহস্পতিবার কিউবার বিপ্লব দিবস উপলক্ষে গুয়ানতানামো প্রদেশের পূর্বাঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে ওই কথা বলেন রাউল।দিবসটি উপলক্ষে গত দুই বছর রাউল কাস্ত্রো কোনো কথা না বললেও অনুষ্ঠানে হঠাৎ করেই মাইক্রোফোন নিয়ে কথা বলেন।পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেন, আলোচনার প্রস্তাব এরই মধ্যে কূটনৈতিক পর্যায়ে পাঠানো হয়েছে। তবে কোনো বিষয় ঠিক করা হয়নি।‘তারা চাইলে যেকোনো দিন; আলোচনার টেবিল প্রস্তুত।’ বলছিলেন রাউল।কিউবার প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্রের সমস্যা, মানবাধিকার প্রভৃতি বিষয়ে আমরা আলোচনার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আলোচনা অবশ্যই সমতার ভিত্তিতে। কারণ, আমরা কেউ কারও উপনিবেশ নই।’কিউবা তার স্বাধীনতা ধরে রেখেছে জানিয়ে রাউল কাস্ত্রো বলেন, কিউবায় বিদেশি বাহিনীর সমর্থনে লিবিয়া বা সিরিয়ার মতো বিদ্রোহ হচ্ছে না।ঠাট্টা করে রাউল বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি মোকাবিলা করতে চায়, তবে তা বেসবল বা অন্য খেলায় হতে পারে। সম্ভবত বেসবল। কখনো তারা জিতবে, কখনো আমরা।’ খবর বিবিসির।