যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময় চুক্তি বাতিলের হুমকি ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময়সংক্রান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারি কেলেঙ্কারির জেরে ইইউ এই হুমকি দিল।
ইইউ ও এনএসএ বিশেষ করে সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণের জন্য ২০১০ সালে তথ্য আদানপ্রদান চুক্তি সই করে।
এই চুক্তিবিষয়ক ইইউ কমিশনার সিসিলিয়া মালমস্ট্রোম বলেন, মার্কিন সরকারের পক্ষ থেকে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তাতে তিনি অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র এই চুক্তির শর্ত ভঙ্গ করলে চুক্তি স্থগিত করা জরুরি। এনএসএর বিতর্কিত ভূমিকা নিয়ে ইইউ পার্লামেন্ট কমিটির আলোচনায় মালমস্ট্রোম বলেন, ‘এনএসএর কাছ থেকে পাওয়া তথ্যে আমি সন্তুষ্ট হতে পারিনি।’
ইইউ ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে অর্থ জোগান শনাক্তকরণ প্রকল্প (টিএফটিপি) শুরু করে ২০১০ সালে। এ জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই বেশি চাপ ছিল। এই চুক্তির আওতায় ব্রাসেলসভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (এসডব্লিউআইএফটি) ব্যবস্থার মাধ্যমে ব্যাংক ও ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য মার্কিন রাজস্ব বিভাগে পাঠানো হতো। সম্প্রতি প্রচার মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্র এসডব্লিউআইএফটি ব্যবস্থার মাধ্যমে ইউরোপের নাগরিকদের ব্যক্তিগত লেনদেনের তথ্যও নিয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের অনেকেই। ইউরোপীয় পার্লামেন্টের এক ডাচ্ সদস্য বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করেছে। টিএফটিপি অকার্যকর হয়ে গেছে।
ভারতের ওপর নজরদারি: ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস ও নিউ ইয়র্কে ভারতের জাতিসংঘ দপ্তরের ওপর গোয়েন্দাগিরি করেছিল এনএসএ। গোয়েন্দা সংস্থাটি এমন সব অত্যাধুনিক নজরদারি যন্ত্রপাতি ব্যবহার করেছিল যে তার মাধ্যমে ওই দপ্তরগুলোর কম্পিউটারের হার্ডডিস্ক কপি করা হয়ে থাকতে পারে। ভারতের দি হিন্দু পত্রিকা গতকাল লিখেছে, জোরদার গোয়েন্দাগিরির জন্য বেছে নেওয়া কয়েকটি দেশের সর্বোচ্চ গোপনীয় তালিকায় ছিল ভারত।
সমালোচনায় দিলমা রুসেফ: মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ব্রাজিলের ওপর নজরদারির কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। সন্ত্রাসবাদ থেকে জাতিকে রক্ষা করার জন্য অবৈধ নজরদারি করাটা যুক্তিযুক্ত কথা নয়। টেলিগ্রাফ ও ডন।