পাকিস্তানের সেনাপ্রধান কায়ানি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্ক সমুন্নত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট।গত সোমবার পাকিস্তানের জ্যাকোবাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কায়ানি এ কথা বলেন। এ সময় বিমানবাহিনীর প্রধান চিফ এয়ার মার্শাল রাও কমর সুলেমান তাঁর সঙ্গে ছিলেন।জেনারেল কায়ানি জানান, সরকারের নীতি খুব পরিষ্কার। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে যুক্ত থাকার শর্তসহ ন্যাটোর রসদ ও সরঞ্জাম সরবরাহ আবার চালু করার বিষয়ে পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে। গত নভেম্বরে সীমান্তবর্তী সেনাচৌকিতে ন্যাটোর হামলার পর পাকিস্তানের ওপর দিয়ে আফগানিস্তানে তাদের অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের বিষয়টি বন্ধ রয়েছে।এর আগে সেনা ও বিমানবাহিনীর প্রধান একসঙ্গে ব্লক-৫২ এফ-১৬ যুদ্ধবিমানে করে শাহবাজ বিমানঘাঁটিতে পৌঁছান। সমরক্ষেত্রে বিভিন্ন কৌশলে হামলায় পারদর্শী এসব যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছে।যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিবৃতির কথা উল্লেখ করে কায়ানি জানান, এতে একটি জোরালো বার্তা রয়েছে যে জাতীয় নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক ও সেনা নেতৃত্বের অবস্থান একই। জাতীয় নিরাপত্তাবিষয়ক পার্লামেন্টারি কমিটি বিষয়টির সব দিক খতিয়ে দেখছে। তাদের সুপারিশ পার্লামেন্টে উত্থাপিত হওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।শাহবাজ বিমানঘাঁটি যে এখন আর মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে নেই, তা দেখাতে সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়।এখনো অনেকের ধারণা, ওই বিমানঘাঁটি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই ধারণা যে ভুল, তা প্রমাণ করতে সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানানো হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। ডন অনলাইন।