যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়ন চান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়ন চান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চায় ইরান। আজ সোমবার জার্মানির ‘জিত্ডয়চে সাইতুং’ সংবাদপত্রে লেখা এক নিবন্ধে ইরানের এ অবস্থানের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। রয়টার্সের খবরে বলা হয়, চলতি বছরের জুনে বড় ব্যবধানে জয়ের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন রুহানি। এর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত কূটনৈতিক সম্পর্ক রাখছে ইরান। তবে এ সম্পর্ক কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনায় সীমিত আছে।
পত্রিকায় প্রকাশিত নিবন্ধে রুহানি বলেন, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ইউরোপীয় ও উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও উন্নত করতে চাই।’ তিনি বলেন, ‘আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন বাধাগুলো এড়িয়ে চলতে এবং পুরোনো সমস্যাগুলো সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছি।’
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্কে ছেদ ঘটে।
রুহানি লিখেছেন, ‘যেসব কারণে ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, তার সবগুলোকে ইরানের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। তবে আমাদের অবশ্যই বর্তমানের দিকে দৃষ্টি দিতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।’

ইতিমধ্যে রুহানির কূটনীতিক বাস্তবজ্ঞানের বদৌলতে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে তিনি যখন নিউইয়র্কে গিয়েছিলেন, তখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করেন। তাঁর উদ্যোগের কারণেই তিন দশক পর দেশ দুটির রাষ্ট্রপ্রধানদের মধ্যে ঐতিহাসিক ফোনালাপটি হয়েছিল।