যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সে দেশের প্রেসিডেন্ট বারাক ওবামাকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে পুতিন এ কথা বলেন। খবর রয়টার্সের।
ইউক্রেন ও সিরিয়া সংকট নিয়ে স্বার্থের দ্বন্দ্বের কারণে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ তিক্ততার পর্যায়ে পৌঁছেছে।
গতকাল ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ক্রেমলিনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন আশা করেন, বিরোধ ও মতভেদ থাকা সত্ত্বেও বিশ্বাস ও সমতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় হবে। আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিধানে এ দুটি দেশ ব্যতিক্রমী ভূমিকা পালন করছে। তাই শুধু নিজেদের স্বার্থের কথা না ভেবে সারা পৃথিবীর কথা ভাবতে হবে এ দুটি দেশকে।
ইউক্রেনের রুশভাষী অঞ্চল ক্রিমিয়া সম্প্রতি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। দেশটির ওপর মস্কোর এই হস্তক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র কয়েক দফা অবরোধ আরোপ করেছে রাশিয়ার ওপর। এখনো সংঘাত চলছে ইউক্রেনের পূর্বাঞ্চলে। যুক্তরাষ্ট্র মনে করে, পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি রাশিয়ার মস্কোর সমর্থন রয়েছে। তবে মস্কো ওয়াশিংটনের এই অভিযোগ অস্বীকার করে আসছে।