যুক্তরাষ্ট্রের সঙ্গে 'সভ্য সম্পর্ক' চান রাউল
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের সঙ্গে সভ্য সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। গত শনিবার তিনি বলেন, নিজ নিজ ভিন্নতার প্রতি দুই দেশেরই সম্মান দেখানো উচিত।
কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবায় সরকার পরিবর্তনের যে দাবি যুক্তরাষ্ট্র জানিয়ে আসছে, তা প্রত্যাহারের আহ্বান জানিয়ে রাউল বলেন, এতে উভয় দেশই পারস্পরিক সম্পর্কোন্নয়নের সুযোগ পাবে। অন্যথায়, আমাদের গত ৫৫ বছরের মতো আরও সময় লাগবে। বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মরণে চলতি মাসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রকাশ্যে করমর্দন করেন রাউল কাস্ত্রো। এরপর তিনি শনিবারের এক অনুষ্ঠানে মার্কিনদের নিয়ে ব্যতিক্রমী বক্তব্য দেন। তিনি বলেন, কিউবা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক বছরে বহুবার বৈঠক হয়েছে। তাঁরা অভিবাসন ও ডাকব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মতো বাস্তবসম্মত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এতে বোঝা যায়, দুই দেশের মধ্যে সভ্য সম্পর্ক হতে পারে। বিবিসি।