যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্দশাগ্রস্ত শহর মায়ামি
চমৎকার আবহাওয়া, মনোরম সমুদ্রসৈকত ও বিলাসবহুল সুন্দর সুন্দর বাড়িঘর থাকার পরও মায়ামি শহরটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্দশাগ্রস্ত শহর। মার্কিন সাময়িকী ফোর্বস-এর এক জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে।যুক্তরাষ্ট্রের ২০০টি শহরের ওপর এই জরিপ চালায় ফোর্বস। বেকারত্বের হার, সহিংসতার হার, বন্ধক রাখা সম্পত্তির পরিমাণ, শহরবাসীর আয়, বাড়িঘরের দাম, রাজনৈতিক দুর্নীতি এবং আবহাওয়ার ওপর ভিত্তি করে শহরগুলোর শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই তালিকার সেরা পাঁচটি শহরের মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া। জরিপে দেখা গেছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির শহর এলাকায় সহিংস অপরাধের হার সবচেয়ে বেশি। এ ছাড়া গত কয়েক বছরে ধনী ও গরিবের আয়ের ব্যবধান অনেক বেড়েছে। আকাশচুম্বি বাড়িঘর থাকলেও এর ৪৭ শতাংশই ব্যাংকে বন্ধক রাখা। গত তিন বছরে বাড়ির দাম কমেছে ৪১ শতাংশ। ফোর্বসের জ্যেষ্ঠ সম্পাদক কার্ট ব্যাডেনহাউজেন বলেন, যাদের বার্ষিক আয় ৭৫ হাজার ডলারেরও কম, তাদের জন্য মায়ামি শহরে বসবাস করা একটা বিরাট চ্যালেঞ্জ। তিনি জানান, বাজে শহরের তালিকায় রয়েছে ডেট্রয়েট ও ফ্লিন্ট শহরের নাম। ডেট্রয়েট শহরে দুর্নীতির পরিমাণ সবচেয়ে বেশি, বাড়ির মূল্য কমে গেছে ৫৫ শতাংশ, অর্থের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশকে কাজ থেকে অবসর দেওয়া হচ্ছে। রয়টার্স।