ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পরমাণু শক্তিধর দেশ অপরমাণু দেশগুলোকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। আহমাদিনেজাদ গতকাল সোমবার নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘের পরমাণু অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।আহমাদিনেজাদ বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে প্রধান সন্দেহভাজন দেশ, যে পরমাণু অস্ত্রের বিস্তার ও মজুদ গড়ে তুলছে এবং দেশটির পরমাণু অস্ত্র অন্য দেশের জন্য হুমকি। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিকে (এনপিটি) আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতিসংঘ ওই সম্মেলন আয়োজন করে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ সম্মেলন উদ্বোধন করেন। এনটিপিতে সই করা ১৮৯টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। বান কি মুন তাঁর বক্তব্যে পারমাণবিক অস্ত্রমুক্ত এক বিশ্ব গড়ার আহ্বান জানান। সম্মেলনের উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের। সম্মেলনে আহমাদিনেজাদের বক্তৃতা দেওয়ার কয়েক ঘণ্টা পরই হিলারি ক্লিনটনের বক্তৃতা দেওয়ার কথা।