যুক্তরাষ্ট্রের সময় বাড়ানোর প্রস্তাব, পাকিস্তানের নাকচ
পাকিস্তানের শামসি বিমানঘাঁটি থেকে সরে যেতে সময়সীমা বাড়াতে যুক্তরাষ্ট্রের করা আবেদন নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। গতকাল মঙ্গলবার গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে সামরিক জোট ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ১৫ দিনের মধ্যে শামসি বিমান ঘাঁটি ছেড়ে যেতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয়। এদিকে আফগানিস্তানের ভবিষ্য ৎ নিয়ে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় আলোচনায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা জানান, ন্যাটোর হামলার প্রতিবাদে পাকিস্তান ওই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।পাকিস্তানের শামসি বিমানঘাঁটি বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ওই ঘাঁটি ব্যবহার করত। ওই ঘাঁটি থেকে চালকবিহীন বিমান থেকে তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে অভিযান চালানো হতো। বিমানঘাঁটি থেকে সরে যেতে আরও ১৫ দিন সময় বাড়াতে গত সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে অনুরোধ জানায় ওয়াশিংটন। প্রেসিডেন্ট জারদারি ওই অনুরোধ নাকচ করে দেন।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে পাকিস্তান শামসি বিমানঘাঁটি সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ইজারা দেয়। নাইন-ইলেভেনের পর আল-কায়েদা ও তালেবানবিরোধী অভিযান চালাতে ওই ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয় ইউএই। গত সোমবার ইউএইর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের অনুরোধ নিয়ে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে দেখা করেন। শেখ আবদুল্লাহ পাকিস্তানের প্রেসিডেন্টকে জানান, শামসি বিমানঘাঁটি থেকে সরে যেতে ওয়াশিংটন ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।পাকিস্তানের ডন এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইউএইর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে দেখা করেন। প্রেসিডেন্ট ও সেনাপ্রধান বিষয়টি নিয়ে কঠোর মনোভাব দেখান।দ্য নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জারদারি ইউএইর পররাষ্ট্রমন্ত্রীকে জানান, শামসি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশের বিষয়টি মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির সভায় গৃহীত হয়েছে। সরকারকে ওই সিদ্ধান্ত মেনে চলতে হবে।এদিকে মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান তাড়া করতে গিয়ে সম্ভবত ভুল করে পাকিস্তানের তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে ন্যাটো। কারণ, গত শনিবার সকালে মার্কিন ও আফগান যৌথ বাহিনীর ওপর হামলা চালায় তালেবান। পাকিস্তানে হামলার ঘটনা তদন্তে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের তত্ত্বাবধানকারী মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল স্টিফেন ক্লার্ককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ওই তদন্তের প্রাথমিক প্রতিবেদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এএফপি, রয়টার্স, এপি ও পিটিআই।