যুক্তরাষ্ট্রের সেই ‘নগ্নপদ ডাকাত’কে সাত বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সেই ‘নগ্নপদ ডাকাত’কে সাত বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত। অনেকগুলো মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।দুই বছর সময়ের মধ্যে একের পর এক গাড়ি, নৌকা এমনকি বিমান চুরি করে পুলিশের চোখ এড়িয়ে চলতে পারার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন কল্টন হ্যারিস মুর। অধিকাংশ অপরাধস্থলে পুলিশ প্রমাণ হিসেবে পেত তাঁর খালি পায়ের ছাপ। এ জন্য তিনি ‘নগ্নপদ ডাকাত’ হিসেবে পরিচিতি পান।বিচারক ভিকি চার্চিল বলেন, মদ্যপ মায়ের কারণে শিশু মুরের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ এবং তাঁর শিশুকাল একটি কুকুরের চেয়ে কিঞ্চিৎই ভালো ছিল। তার পরও তাঁর অপরাধের পেছনে এটা কোনো অজুহাত হতে পারে না।বিচারক বলেন, ‘অনেক দিক দিয়ে এ ঘটনা একটি চরম ট্র্যাজেডি, আবার অন্যদিক দিয়ে এটা মানুষের অদম্য মনোবলের এক দারুণ উদাহরণ।’আদালতে দেওয়া এক বিবৃতিতে হ্যারিস মুর বলেন, ‘আমার মতো শিশুকাল আমার কোনো চরম শত্রুরও হোক তা আমি চাই না।’বিমান ও নৌকা চুরি এবং ব্যাংক ডাকাতিসহ অনেক অপরাধের কথা স্বীকার করেছেন মুর।বিমান চালানোর প্রশিক্ষণ না থাকার পরও তিনটি বিমান চুরি করেন মুর। সেই বিমান নিয়ে পালিয়ে বেড়ান যুক্তরাষ্ট্রজুড়ে। শেষ পর্যন্ত বাহামায় গিয়ে ধরা পড়েন তিনি। মুরের বিরুদ্ধে ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনেকগুলো ডাকাতি ও গাড়ি চুরির পর ইডাহো অঙ্গরাজ্য থেকে একটি সেসনা বিমান চুরি করেন মুর। সেই বিমান চালিয়ে তিনি ওয়াশিংটনে চলে যান। পরে সেখান থেকে চলে যান বাহামায়। সেখানে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তিনি একটি বনের মধ্যে জরুরি অবতরণে বাধ্য হন। এরপর পুলিশের গুলিতে আহত অবস্থায় আটক হন তিনি। এএফপি, রয়টার্স।