যুক্তরাষ্ট্রের হতাশা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যে চরম হতাশা প্রকাশ করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট কারজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে তালেবানের সঙ্গে যোগদানের যে হুমকি দিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। গত সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস সাংবাদিকদের বলেন, কারজাইয়ের মন্তব্য তাঁদের অস্বস্তিতে ফেলেছে এবং এতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন দারুণভাবে হতাশ হয়েছে। এতে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তিনি দাবি করেন, কারজাইয়ের ওই অভিযোগ মোটেও সত্য নয়। গত শনিবার প্রেসিডেন্ট কারজাই মন্ত্রিসভায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনেন। তিনি বলেন, পশ্চিমাদের এ প্রবণতা বন্ধ না হলে তিনি তালেবানের সঙ্গে যোগ দেবেন। খবর ডন অনলাইনের।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট কারজাই অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো তাঁর দেশের নির্বাচনে ভোট কারচুপিতে মদদ জুগিয়েছে। যুক্তরাষ্ট্র তাঁর ওই মন্তব্য প্রত্যাখ্যান করে এবং দৃশ্যত হোয়াইট হাউসের সঙ্গে কারজাইয়ের দূরত্ব তৈরি হয়। দূরত্ব কমাতে প্রেসিডেন্ট কারজাই শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে টেলিফোন করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। কিন্তু এর পরদিনই (গত শনিবার) মন্ত্রিসভার বৈঠকে কারজাই নাটকীয়ভাবে আবার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অনধিকার চর্চার অভিযোগ আনেন। তিনি বলেন, তারা এসব বন্ধ না করলে তাদের প্রতিরোধে তিনি তালেবানের সঙ্গে যোগ দেবেন। তাঁর ওই হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রবার্ট গিবস বলেন, তাঁর (কারজাইয়ের) ওই মন্তব্য কোনো সুফল বয়ে আনবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো কারজাই প্রশাসনের সঙ্গে একজোট হয়ে কাজ করার জন্য প্রস্তুত আছে। এমনকি আগামী ১২ মে ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কারজাইয়ের যে বৈঠক নির্ধারিত রয়েছে, তা পেছানো বা বাতিল করা হয়নি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রাউলি কারজাইয়ের তালেবানের সঙ্গে যোগদানের হুমকিকে ‘মস্তিষ্কের এলোমেলো ভাবনা’-প্রসূত বক্তব্য বলে আখ্যায়িত করেছেন। ক্রাউলি বলেছেন, ‘গত সপ্তাহে করা তাঁর (কারজাইয়ের) কিছু মন্তব্য আমাদের অস্বস্তিতে ফেলেছে। আমরা আশা করি, আমাদের অবস্থান তাদের কাছে পরিষ্কার করতে পেরেছি।’তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের জাতীয় স্বার্থেই আফগানিস্তানে গিয়েছে এবং সেখানে সামরিক ও বেসামরিক খাতে ইতিমধ্যেই তারা বহু অর্থ ব্যয় করেছে।এদিকে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট কারজাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সময়ের সঙ্গে সঙ্গে ভোল পাল্টে তালেবানের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। প্রতিবেদনে বলা হয়, সবাই জানে, আজ হোক কাল হোক, মার্কিনিরা আফগানিস্তান ছেড়ে চলে যাবে। তত দিনে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে কারজাই যাতে মিশে যেতে পারেন, সে জন্য এখন তিনি পশ্চিমাবিরোধী বক্তব্য দিয়ে সাধারণ আফগানদের সমর্থন আদায়ের চেষ্টা করে থাকতে পারেন।