যুক্তরাষ্ট্রের ৩ কূটনীতিককে বহিষ্কার করল ভেনেজুয়েলা
সরকারবিরোধী আন্দোলন উসকে দেওয়ার অভিযোগে ভেনেজুয়েলা থেকে সে দেশে নিযুক্ত তিনজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার রাতে টেলিভিশনে দেওয়া বক্তৃতায় মাদুরো বলেন, বিরোধীদের সঙ্গে মিলে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্তে জড়িত থাকায় তিন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘দেশকে রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
‘ইউএসএ টুডে’র খবরে বলা হয়, সরকারবিরোধী আন্দোলনের পঞ্চম রাতে মার্কিন কনস্যুলেটের ওই তিন কর্মকর্তাকে বহিষ্কার করেন মাদুরো।
ভেনেজুয়েলায় দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী তীব্র আন্দোলন চলছে। দেশটিতে খুনের ঘটনা বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দাবস্থার অভিযোগ এনে ছাত্র ও বিরোধী দলগুলো সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে বিরোধীদের দমন করছে পুলিশ। চলমান এ সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এ আন্দোলনের নেতৃত্বে আছেন বিরোধীদলীয় নেতা লিওপোলোদো লপেজ।
এদিকে হত্যা ও সন্ত্রাসে উসকানির অভিযোগে লপেজের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে আগামীকাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধীদের একটি সমাবেশে নেতৃত্ব দেওয়ার কথা আছে লপেজের। গতকাল প্রচারিত এক ভিডিওতে লপেজ বলেন, ‘আমার ভয় পাওয়ার কিছুই নেই। আমি কোনো ভুল করিনি।’