যুক্তরাষ্ট্রের ৪১ অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে ফ্লু
যুক্তরাষ্ট্রের ৪১টি অঙ্গরাজ্যে ফ্লু ছড়িয়ে পড়েছে। এতে ইতিমধ্যে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বোস্টনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক অ্যান্টনি ফাউসি জানান, কয়েক বছরের মধ্যে এবারই ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। ২০০৩-০৪ সালের পর এমন পরিস্থিতি হয়নি।শীত মৌসুমে ইউরোপ-আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া একটি সাধারণ সমস্যা। এতে মাথা ও শরীরে ব্যথা, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া ও জ্বরের মাত্রা বেড়ে যায়। শিশু ও বয়স্কদের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার হার বেশি।যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাকেন্দ্রে উপস্থিতি কমেছে।এবার অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় ম্যাসাচুসেটসে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। এই অঙ্গরাজ্যের অন্যতম প্রধান নগর বোস্টনের মেয়র টম মেমিনো জানান, ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় নগরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন হাসপাতাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। রোগীর চাপ সামাল দিতে কিছু হাসপাতালের বাইরে তাঁবু খাটানো হয়েছে। স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক ক্রিস্টোফার জানান, ইনফ্লুয়েঞ্জার কারণে তাঁর প্রতিষ্ঠানে গড়ে প্রতিদিন পাঁচজন অনুপস্থিত থাকছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাঁর ব্যবসায়।চিকিৎসকেরা বলছেন, এবার ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশ আগেভাগেই দেখা দিয়েছে। ছড়িয়েও পড়ছে আগের চেয়ে দ্রুত। ফেব্রুয়ারি-মার্চ নাগাদ পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা করেন তাঁরা। জর্জ টাউন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক মার্ক সেইগেল বলেন, ইনফ্লুয়েঞ্জা দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সবাইকে প্রতিষেধক নিতে হবে। উপসর্গ জটিল হলে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে।