যুক্তরাষ্ট্রের ৬০ নগরে ফাস্টফুড শ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত যুক্তরাষ্ট্রের ফাস্টফুডের শ্রমিকেরা বৃহস্পতিবার ৬০টি নগরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, ওয়েন্ডিজ, টাকো বেলসহ প্রধান প্রধান চেইন ফাস্টফুড রেস্তোরাঁগুলোর হাজার হাজার কর্মী দেশজুড়ে বিক্ষোভ করেন। অনেক শহরে বৃহস্পতিবার ফাস্টফুড রেস্তোরাঁ বন্ধ রাখতে হয়েছে শ্রমিক অনুপস্থিতির কারণে। মার্কিন ফাস্টফুড শ্রমিকেরা তাঁদের মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার দাবিতে আন্দোলন করছেন। যুক্তরাষ্ট্রে ফাস্টফুড রেস্তোরাঁগুলোতে শ্রমিকদের সরকার অনুমোদিত ন্যূনতম মজুরিতে কাজ করানো হয়। ফেডারেল নীতিমালা অনুযায়ী বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় সোয়া সাত ডলার। মূলত অপেক্ষাকৃত অনগ্রসর অভিবাসী এবং শিক্ষার্থীসহ অল্প বয়স্ক শ্রমিকদের দিয়ে এ ব্যবসা চলে। গত নভেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রের ফাস্টফুড প্রতিষ্ঠানগুলোতে মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু হয়। বর্তমানে তা ছড়িয়ে পড়েছে প্রায় সবগুলো নগরে। ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়নি। মজুরি বৃদ্ধি ছাড়াও ফাস্টফুড শ্রমিকেরা পূর্ণকালীন কাজের দাবি জানাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে এ খাতের শ্রমিকদের খণ্ডকালীন কাজ দেওয়া হয়। ফলে নিয়মিত কর্মচারীদের মতো তাঁরা কর্মক্ষেত্রে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত থাকেন। ছুটি, চিকিৎসা বিমা, অবকাশ সুবিধা ইত্যাদি থেকে বঞ্চিত রাখার জন্যই এসব শ্রমিককে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়।অবিসংবাদিত নাগরিক অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মজুরি বাড়ানোর সমাবেশটি আহ্বান করা হয়েছিল। ১৯৬৩ সালে লুথার কিং জুনিয়র ওই বক্তৃতায় শ্রমিকদের ন্যায়সংগত ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছিলেন। তাঁর ওই ভাষণের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় দুই ডলার নির্ধারণ করা হয়েছিল। আন্দোলনরত ফাস্টফুড শ্রমিকদের দাবি, জীবনযাত্রার মান এবং মুদ্রার মূল্যমানের পরিবর্তনে বর্তমান ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারের বেশি হওয়া উচিত। ম্যাকডোনাল্ডস ও অন্য ফাস্টফুড কোম্পানিগুলো বলছে, মজুরি বাড়ানো হলে খাবারের দাম বাড়বে।