যুদ্ধ ও পররাষ্ট্রনীতির কৌশল বদলে দেবে থ্রিডি প্রিন্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধ ও পররাষ্ট্রনীতির কৌশল বদলে দেবে থ্রিডি প্রিন্টার!
যুদ্ধ ও পররাষ্ট্রনীতির কৌশল বদলে দেবে থ্রিডি প্রিন্টার!

ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার দিয়ে অবিশ্বাস্য সব নকশা তৈরির খবর নতুন নয়। সামনে আরও চমক আসবে, এটাই স্বাভাবিক। আর বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র ও পররাষ্ট্রনীতিতে রীতিমতো বিপ্লব ঘটাতে পারে এই থ্রিডি প্রিন্টিং কৌশল। খবর এএফপির।
ছবি তুলে সেটি একটি কাগজের দ্বিমাত্রিক আকারে সাধারণ প্রিন্টারে প্রিন্ট করা যায়। কিন্তু থ্রিডি প্রিন্টারে সেই ছবির বাস্তব রূপ পাওয়া যাবে। অর্থাৎ কোনো বাড়ির ছবি তুলে প্রিন্ট দিলে অপর পাশ থেকে বাড়িটির প্রতিরূপ বের হয়ে আসবে।
আশির দশকে উদ্ভাবিত হলেও অনেকের কাছে আজও থ্রিডি প্রিন্টিং অনেকটা চটকদার কাজ বলেই বিবেচিত। তাঁদের মতে, এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি অকাজের কিছু জিনিস। যাঁরা এটা করছেন, তাঁদের লক্ষ্য অন্যের মনোযোগ লাভ; এর বেশি কিছু নয়। তবে ধাতব পদার্থ, কাঠ এবং তন্তু ব্যবহার করতে পারে—এমন নতুন প্রিন্টার আরও বেশি সহজলভ্য হবে। এতে করে সামনের দিনগুলোতে পুরো প্রকৌশল বিশ্ব বড় ধরনের একটা ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।
মহাকাশ, প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজির গবেষক অ্যালেক্স চৌসভস্কি বলেন, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা শিল্প এখন থ্রিডি প্রিন্টারের মাধ্যমে সূচিত নবধারার রক্তক্ষরণের প্রান্তে রয়েছে। মার্কিন সামরিক বাহিনী এরই মধ্যে উর্দি, যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের জন্য সিনথেটিক চামড়া এবং এমনকি খাদ্যসামগ্রীও প্রিন্ট করার জন্য বিপুল পরিমাণে বিনিয়োগ করা শুরু করেছে।
আর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা এরই মধ্যে ‘ফোরডি প্রিন্টিং’ আবিষ্কার করেছেন। এটা দিয়ে এমন সব উপাদান তৈরি করা যাবে, যা অন্য কোনো উপাদানের (যেমন, পানি) সংস্পর্শে এলেই বদলে যাবে। তার মানে, একদিন হয়তো প্রিন্টারে এমন উর্দি তৈরি হবে, যা পরিবেশের অবস্থা বুঝে রং পরিবর্তন করে নেবে।
গেল বছর যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস একটি টর্নেডো যুদ্ধবিমানে প্রথমবারের মতো প্রিন্টারে তৈরি ধাতব যন্ত্রাংশ ব্যবহার করে। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি অ্যানিমেশন করা ভিডিও প্রকাশ করে, যেখানে দেখানো হয়েছে, প্রিন্টারের সাহায্যে একটি উড়োজাহাজের ভেতরে আরেকটি উড়োজাহাজ তৈরি হয়ে যাচ্ছে। এরপর সেটি মূল উড়োজাহাজটির নিচ থেকে বেরিয়ে আকাশে উড়ছে।
থ্রিডি প্রিন্টিং এমনকি কোনো দেশের পররাষ্ট্রনীতিকেও বদলে দিতে পারে। যেমন, অবরোধ-নিষেধাজ্ঞা অবজ্ঞা করার মাধ্যমে সেটি ঘটতে পারে। নিউ আমেরিকা ফাউন্ডেশনের যুদ্ধবিগ্রহবিষয়ক বিশেষজ্ঞ পিটার ডব্লিউ সিঙ্গার বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধবিমানের যন্ত্রাংশ থেকে শুরু করে তেলসংশ্লিষ্ট যন্ত্রপাতি সবকিছুর ওপরেই অবরোধ দিয়েছে। থ্রিডি প্রিন্টিং সেই অবরোধকে সেকেলে ধারণায় পরিণত করে দিতে পারে। অথচ এক দশকের বেশি সময় ধরে এটাই ছিল পররাষ্ট্রনীতির বড় হাতিয়ার।’