যুদ্ধ থেকে মুখ ফেরাবেন ওবামা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার কথা এর মধ্যে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এতে যুদ্ধবিগ্রহ পাশা কাটিয়ে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কৌশল অবলম্বনের কথা বলা হয়েছে। ইরান, সিরিয়া, চীনের মতো নাছোড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিরোধ এড়িয়ে কূটনৈতিক কৌশলে সমঝোতায় পৌঁছার কথা ভাবছেন তিনি।
ওবামা দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে এ পর্যন্ত সাড়ে পাঁচ বছর পার করেছেন, কিন্তু তাঁর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুদ্ধ বা প্রভাব বিস্তারের চেষ্টা আদৌ কোনো ফল বয়ে আনেনি। এ কথা সম্প্রতি তিনি নিজেই স্বীকার করেছেন।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বেশি বিস্তার করতে চায় ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি অনেকটা এশিয়াকেন্দ্রিক হতে যাচ্ছে। তবে সিরিয়া, রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো যুদ্ধংদেহী। ওবামার এই নতুন পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের জন্য মোড় ঘোরানোর মতো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে এ নিয়ে চলছে কঠোর সমালোচনা।
অনেক ভিন্নতা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, গত দশকে যেমন ইরাক ও আফগানিস্তান আলোচনার কেন্দুবিন্দু ছিল, এখনকার পররাষ্ট্রনীতি এর চেয়ে অনেক ভিন্নতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তিনি বলেন, ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে সরে আসতে চায় যুক্তরাষ্ট্র। সামরিক হস্তক্ষেপ বা যুদ্ধ ছাড়াই যুক্তরাষ্ট্র বিশ্বে নেতৃত্ব দিতে চায়।
লাল সীমারেখায় যুক্তরাষ্ট্র?
সমালোচকেরা মনে করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওবামার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। সিরিয়ার ওপর আক্রমণ করতেও ওবামা ব্যর্থ হয়েছেন। সব মিলে যুক্তরাষ্ট্র এখন ‘লাল সীমারেখায়’ রয়েছে।
সিনেট ফরেন রিলেশনস কমিটির জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা বব করকার বলেন, ওবামা যদি যুদ্ধ বা হামলাকে ভুল বলে মনে করেন, তাহলে সিরিয়ার মতো সমস্যা বারবার আসতেই থাকবে।
টাইমস ফ্রি প্রেস অব টিনেজকে করকার বলেন, এটি ওবামার নাজুক পররাষ্ট্রনীতি হবে। এতে যুক্তরাষ্ট্রের চলার পথে বাধা আরও বাড়বে। বিশ্লেষকেরা এমনটাও বলেছেন, ব্যাখ্যা না করাটা ওবামার পররাষ্ট্রনীতির সমস্যা নয়। তাঁর সমস্যা হলো তিনি লাঠি ব্যবহার করতে চান না।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরাপত্তা পরিষদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কোরি শেকের। তিনি মনে করেন, যুদ্ধ বা সংঘাত এড়িয়ে চলার পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রে অপ্রয়োজনীয়। ওবামার পররাষ্ট্রনীতিতে ইরাকের মতো ভুল না করার সিদ্ধান্তটিই ভুল। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা না নেওয়াটা ওবামার প্রশাসনিক অদক্ষতা।
ওবামার সমর্থকদের যুক্তি হলো, আক্রমণ নয়, হুঁশিয়ারিও অনেক ক্ষেত্রে সুফল নিয়ে আসতে পারে। ওবামা মার্কিনিদের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব জাগিয়ে তুলতে পেরেছেন। ওবামার সামনে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে রাশিয়ার চ্যালেঞ্জ, চীনের শক্তি বিস্তার, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জাতিগোষ্ঠীগত সহিংসতা ও উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠা। এ সবকিছুই সামলাতে হবে তাঁকে।
ভারসাম্য প্রয়োজন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ব্রুস জেন্টলসন বলেন, ওবামার যুদ্ধবিরোধী নীতি ও রক্ষণশীলদের আক্রমণাত্মক নীতির মধ্যে ভারসাম্যপূর্ণ একটি অবস্থা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি যে ওবামা প্রশাসন বড় ধরনের কোনো ভুল করেনি। তবে দুই মেয়াদে থাকা প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির সাফল্যের জন্য এটুকুই যথেষ্ট নয়।’
জেন্টলসন এখন ডিউক বিশ্ববিদ্যালয় ও উডরো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সে কর্মরত। তিনি বলেন, এই ভারসাম্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজন। এতে ওবামা তাঁর পররাষ্ট্রনীতি নিয়ে তোলা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন।